Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

২০ জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে

২০ জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: এবার নদীয়া জেলাতেও পড়ুয়াদের ট্যাবের টাকায় হ্যাকার হানার সন্ধান মিলল। কালীগঞ্জ ব্লকের হাতগাছা পঞ্চায়েতের বসোরখোলা হাইস্কুলের বেশ কয়েকজন পড়ুয়া ট্যাবের টাকা পায়নি। ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের সেই টাকা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গিয়েছে বলে অভিযোগ। বিষয়টি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুল সূত্রে জানা গিয়েছে, ২০ পড়ুয়ার অ্যাকাউন্ট নম্বর বদলে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষের তরফে এনিয়ে বুধবার কালীগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। পুলিস তদন্ত শুরু করেছে। যে অ্যাকাউন্টগুলিতে ওই টাকা ঢুকেছে, তা যাতে ফ্রিজ করা যায়, তার আবেদন জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। পুলিস ব্যাঙ্কের সঙ্গে কথা বলে সেই সমস্ত টাকা ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে। নদীয়া জেলার ডিআই দিব্যেন্দু পাল বলেন, তদন্ত প্রক্রিয়ায় শিক্ষাদপ্তরের তরফে পূর্ণ সহযোগিতা করা হবে।
Advertisement
কৃষ্ণনগর পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার উত্তম ঘোষ বলেন, ‘সরকারি প্রকল্পের ট্যাবের টাকা ঢোকা নিয়ে কালীগঞ্জে অভিযোগ জমা পড়েছে। আমরা সব দিক খতিয়ে দেখছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
স্কুলের টিআইসি প্রদীপকুমার হালদার বলেন, ‘আমরা ব্যাঙ্কের সঙ্গে কথা বলে এখনও পর্যন্ত ১৯জনের টাকা যে অ্যাকাউন্টে গিয়েছে, তা ফ্রিজ করাতে পেরেছি। খুব শীঘ্রই বাকিদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। কীভাবে এটা ঘটল, তা নিয়ে আমরাও ধন্দে রয়েছি। থানাতেও আমরা এনিয়ে অভিযোগ করেছি।’ 
প্রসঙ্গত, রাজ্যজুড়েই ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে পড়ুয়াদের ট্যাবের টাকা জালিয়াতির ঘটনা ঘটেছে, যা নিয়ে তোলপাড় শিক্ষামহল। এই ঘটনায় পুলিস প্রশাসন থেকে শিক্ষাদপ্তরের দফায় দফায় বৈঠক হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক অসাধু ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। 
প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, শিক্ষা পোর্টালে ঢুকে পড়ুয়াদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের পরিবর্তে অন্য নম্বর ঢুকিয়ে দেওয়া হয়েছে। যার ফলে ট্যাবের টাকা ছাড়ার সময় পড়ুয়াদের অ্যাকাউন্টের বদলে অন্যত্র চলে গিয়েছে। শুধু বাংলার বিভিন্ন রাজ্য নয়, অন্য রাজ্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও সরকারি প্রকল্পের টাকা ঢোকার হদিশ মিলেছে। যার ফলে চরম বিড়ম্বনায় পড়তে হয়েছে রাজ্য সরকারকে। 
নদীয়া জেলাতেও অবশেষে এই জালিয়াতির বিষয়টি সামনে এসেছে। কালীগঞ্জ ব্লকের হাতগাছা পঞ্চায়েতের বসোরখোলা হাইস্কুলেও এই ধরনের ঘটনা ঘটেছে। স্কুল সূত্রে জানা গিয়েছে, অনেক আগেই বাংলা শিক্ষা পোর্টালে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছিল। সেইমতো পড়ুয়াদের অ্যাকাউন্টে শিক্ষা দপ্তরের তরফে টাকা পাঠানো হয়েছিল। কিন্তু, অনেক পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তারপরই কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসে।
কালীগঞ্জের বসোরখোলা হাই স্কুলে ১৯১ জনের ট্যাবের টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু, ২০ জন পড়ুয়ারা অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। যার মধ্যে দ্বাদশ শ্রেণির পড়ুয়ার সংখ্যা ১৬, আর একাদশ শ্রেণির পড়ুয়ার সংখ্যা চারজন। দেখা যায়, এই সমস্ত পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন হয়ে গিয়েছে বাংলা শিক্ষা পোর্টালে। ট্যাবের টাকা ঢুকে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের অধিকাংশই ভিন জেলার। ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি উত্তর দিনাজপুর, ইসলামপুর বিভিন্ন জায়গায় রয়েছে। তা ফ্রিজ করা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ