রাঁচি: স্কুলের মধ্যে হিজাব খুলতে রাজি হয়নি। এই কারণে বেশ কয়েকজন ছাত্রীকে মারধর করে ক্লাসে ঢুকতে বাধা দেওয়া অভিযোগ উঠল প্রিন্সিপালের বিরুদ্ধে। মঙ্গলবার ঝাড়খণ্ডের রাঁচির সরকারি হাইস্কুলের এই ঘটনা প্রকাশ্যে আসতেই তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই প্রিন্সিপালের নামে লিখিত অভিযোগ করেছেন ওই পড়ুয়াদের অভিভাবকরা। তাঁরা জানিয়েছেন, স্কুলের মধ্যে হিজাব পরার উপর মৌখিক নিষেধাজ্ঞা জারি করেছিলেন প্রিন্সিপাল। নির্দেশ অমান্য করায় ছাত্রীদের মারধর করা হয়। ক্লাসেও ঢুকতে দেওয়া হয়নি। ঘটনার পর আহত পড়ুয়াদের সদর হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, ছাত্রীদের শরীরে মারধরের কোনও চিহ্ন পাওয়া যায়নি।
সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে প্রিন্সিপাল কিরণ। তিনি বলেন, স্কুলের ড্রেস-কোড সকলের জন্যই সমান। ক্লাসরুমের মধ্যে বোরখা ও হিজাব খুলতে বলা হয়েছিল। গোটা বিষয়টিকে অতিরঞ্জিতভাবে দেখানো হচ্ছে। ভুল ব্যাখ্যা হচ্ছে। ছাত্রীদের মারধরের অভিযোগ পেয়েই হাসপাতালে যান মহকুমা শাসক জাহুর আলম, জেলা শিক্ষা আধিকারিক দীনেশ মিশ্র ও থানার অফিসার ইন চার্জ বিপিন কুমার। মহকুমা শাসক জানিয়েছেন, নিরপেক্ষভাবেই গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। কেউ দোষী প্রমাণিত হলে কড়া ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। আমরা পড়ুয়াদের পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলব। প্রয়োজনে অভিভাবকদেরও ডাকা হবে। প্রিন্সিপালের পাশে দাঁড়িয়েছেন জেলা স্কুল আধিকারিক দীনেশ মিশ্র। জানিয়েছেন, তিনি নিয়মিত স্কুল পরিদর্শনে যান। কিন্তু, কখনও এধরনের কোনও অভিযোগ শোনেননি।