Bartaman Logo
৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জ্যাম: কেমিস্ট্রিতে দেশে তৃতীয় আকড়ার সৌম!

মা সেলাই করে সংসারে সাহায্য করেন। বাবা করেন প্রাইভেট টিউশন। সচ্ছলতার মুখ দেখেনি মহেশতলার আকড়ার সৌম পালের পরিবার।

জ্যাম: কেমিস্ট্রিতে দেশে তৃতীয় আকড়ার সৌম!
  • ২১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মা সেলাই করে সংসারে সাহায্য করেন। বাবা করেন প্রাইভেট টিউশন। সচ্ছলতার মুখ দেখেনি মহেশতলার আকড়ার সৌম পালের পরিবার। তবে, আর্থিক সমস্যা বাধা হতে পারেনি সৌমর সাফল্যে। সর্বভারতীয় ‘জ্যাম’ পরীক্ষায় কেমিস্ট্রিতে দেশের মধ্যে তৃতীয় হয়েছেন সৌম। বৃহস্পতিবার ফল প্রকাশের পরে অনলাইনে দেখতে গিয়ে নিজের র‌্যাঙ্ক করার কথা বিশ্বাসই করতে পারছিলেন না তিনি। পরে বুঝতে পারেন তাঁর পরিশ্রম ফল দিয়েছে। জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স বা জ্যাম হয়েছিল ১৫ ফেব্রুয়ারি। এতে সফল হলে আইআইএসসি বেঙ্গালুরু, সমস্ত আইআইটি এবং এনআইটিগুলিতে বিজ্ঞান নিয়ে মাস্টার ডিগ্রি কোর্সের দরজা খুলে যায়। সৌম বলেন, ‘বিশ্বাস করতে পারছিলাম না যে সর্বভারতীয় র‌্যাঙ্ক করেছি। মা-বাবা, শিক্ষক-শিক্ষিকাদের ধন্যবাদ। কলেজ খুব সাহায্য করেছে। কোচিংও নিয়েছিলাম।’ সৌম নিউ আলিপুর কলেজ থেকে কেমিস্ট্রি অনার্স নিয়ে পাশ করেছেন ২০২৫ সালে। তাঁর কথায়, কলেজের উন্নতমানের প্র্যাকটিক্যাল ক্লাস সাহায্য করেছিল। নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ জয়দীপ ষড়ঙ্গী বলেন, ‘ পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, গণিত এবং জীববিদ্যা নিয়ে উচ্চশিক্ষার ঝোঁক সার্বিকভাবে কমছে। এই সময়ে সৌমর যুগান্তকারী সাফল্য খুবই তাৎপর্যপূর্ণ। নিউ আলিপুর কলেজ সৌমর জন্য গর্বিত।’ ছাত্রের সাফল্যে গর্বিত কলেজের রসায়নের অধ্যাপক শ্যামল মণ্ডলও। কাউন্সেলিংয়ের অপেক্ষায় রয়েছেন সৌম। আইআইটি বম্বে বা আইআইটি কানপুরে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে মাস্টার ডিগ্রি করতে চান। মাথায় রয়েছে আইআইএসসি বেঙ্গালুরুর কথাও।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ