নয়াদিল্লি: পাকিস্তানকে চাপে রাখতে আফগানিস্তানকে আরও কাছে টানতে চাইছে ভারত। বৃহস্পতিবার আফগানিস্তানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আফগানিস্তানে ২০২১ সালে তালিবানরা ফের ক্ষমতায় আসার পর দুই দেশের বিদেশমন্ত্রী পর্যায়ে এটিই প্রথম বৈঠক। নয়াদিল্লি এখনও তালিবান সরকারকে সরকারিভাবে স্বীকৃতি দেয়নি। তবে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল তালিবানরা। আর তারপরেই জয়শঙ্করের সঙ্গে মুত্তাকির আলোচনা আলাদা তাত্পর্য বহন করছে বলে মনে করছে রাজনৈতিক মহল। বৈঠকের পর জয়শঙ্কর এক্স হ্যান্ডলে লেখেন, এদিন আফগান বিদেশমন্ত্রীর সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে। পহেলগাঁওয়ের ঘটনায় নিন্দা জানানোর জন্য তালিবানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারতের বিদেশমন্ত্রী। একইসঙ্গে আফগান নাগরিকদের সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী সম্পর্ক ও আফগানিস্তানের উন্নয়নে ভারতের সমর্থনের বিষয়টিও নিজের পোষ্টে উল্লেখ করেছেন জয়শঙ্কর।



