দুবাই: ইংল্যান্ড সফরে স্কোয়াডে থাকলেও একটা ম্যাচও খেলার সুযোগ পাননি অভিমন্যু ঈশ্বরণ। স্বাভাবিকভাবেই হতাশায় ভেঙে পড়েছিলেন বাংলা রনজি দলের ওপেনার। খারাপ লাগাটাই স্বাভাবিক। একের পর এক সিরিজে স্কোয়াডে জায়গা পেয়েও টেস্ট অভিষেক আজও হল না অভিমন্যুর। ছেলেকে সান্ত্বনা দিতে তাঁর বাবা বলেছিলেন, ‘কোচ গম্ভীর নাকি অভিমন্যুকে বলেছে, ওরও সময় আসবে।’ কিন্তু সেটা কবে? ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। হবে দু’টি ম্যাচ। বৃহস্পতিবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করলেন নির্বাচক প্রধান অজিত আগরকর। খারাপ পারফরম্যান্সের জন্য বাদ পড়লেন করুণ নায়ার। সেই দলে ঠেলে দেওয়া হল অভিমন্যুকেও। এক্ষেত্রে আগরকরের যুক্তি, ‘ঘরের মাঠে টেস্ট সিরিজে অতিরিক্ত ওপেনার অপ্রয়োজন।’
ভারতীয় দলে বড় চমক দেবদূত পাদিক্কালের কামব্যাক। বাঁ হাতি ব্যাটারকে করুণ নায়ারের জায়গায় দলে নেওয়া হয়েছে। আর ঋষভ পন্থ পুরো ফিট না হওয়ায় এন জগদীশন স্কোয়াডে রয়েছেন দ্বিতীয় উইকেটকিপার হিসেবে। আসলে ঈশ্বরণের জায়গায় তৃতীয় ওপেনার হিসেবে নেওয়া হয়েছে তাঁকে। দেশের মাটিতে টেস্ট হলে দ্বিতীয় উইকেটকিপারের কী প্রয়োজন, সেটা আগরকরই ভালো বলতে পারবেন। তবে ভারতীয় দল নির্বাচন এখন পরিহাসে পরিণত হয়েছে।
দু’টি টেস্টেই খেলবেন যশপ্রীত বুমরাহ। তাঁর সঙ্গে মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণাও স্কোয়াডে আছেন। তবে উপেক্ষিত সামি। সব কিছু দেখে মনে হচ্ছে, তাঁর টেস্ট কেরিয়ার প্রশ্নের মুখে। স্পেশালিস্ট স্পিনার কুলদীপ যাদবের পাশাপাশি ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজাও রয়েছেন। ঋষভ না থাকায় গিলের ডেপুটি হয়েছেন জাড্ডু।
ভারতের টেস্ট স্কোয়াড: শুভমান গিল (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদূত পাদিক্কাল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতীশ রেড্ডি, এন জগদীশন, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব।