তেহরান: পরমাণু প্রকল্প নিয়ে আপস করতে রাজি ইরান। আমেরিকার সঙ্গে চুক্তির জন্য আলোচনাও হতে পারে। তার আগে যাবতীয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা সরাতে হবে ট্রাম্প প্রশাসনকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ইরানের উপ-বিদেশমন্ত্রী মাজিদ তখত-রাভানচি। তাঁর কথায়, ‘আমেরিকা যদি নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হয়, তাহলে আমরাও নতুন করে পারমাণবিক চুক্তি চূড়ান্ত করতে প্রস্তুত।’ তিনি সাফ জানান, ‘ওরা যদি আন্তরিক হয়, তবে আমরাও নিশ্চিতভাবে সমঝোতার পথে হাঁটব।’
ইরানের জন্যই আটকে রয়েছে পরমাণু চুক্তির আলোচনা। বরাবর এই দাবি করে আসছে ট্রাম্প প্রশাসন। শনিবার মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি পছন্দ করেন। কিন্তু ইরানের সঙ্গে কোনও চুক্তি করা খুব কঠিন।’ এই আবহে ইরানের উপ-বিদেশমন্ত্রী বুঝিয়ে দিলেন কোন শর্তে সমঝোতা সম্ভব। উল্লেখ্য, পরমাণু প্রকল্পে রাশ টানার জন্য ইরানকে আগেও সতর্ক করেছে আমেরিকা। নির্দেশ না মানলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেন ট্রাম্প। ইতিমধ্যেই পশ্চিম এশিয়ার বিভিন্ন প্রান্তে সামরিক গতিবিধি বাড়িয়েছে আমেরিকা। পরিস্থিতি যুদ্ধের পর্যায়ে যাতে না পৌঁছায়, তার জন্য বৈঠকে বসেছে ওয়াশিংটন ও তেহরান। প্রথমবার কোনো সমঝোতা হয়নি। দ্বিতীয় দফায় ওমানের মধ্যস্থতায় জেনিভায় ফের আলোচনা হওয়ার কথা। এই আবহে ইরানের মন্ত্রীর বক্তব্য ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।