Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পর্ণশ্রীতে খুন: তদন্তে নেমে রাজস্থানের গ্যাংয়ের হদিশ

শুরু হয়েছিল খুন ও খুনের চেষ্টার তদন্ত। তা করতে গিয়ে তদন্তকারীরা দেখেন, বেহালার ধর্মরাজতলা এলাকায় যাকে খুনের চেষ্টা হয়েছে, সেই দীপক সিং আসলে একজন প্রতারক।

পর্ণশ্রীতে খুন: তদন্তে নেমে রাজস্থানের গ্যাংয়ের হদিশ
  • ১৫ জুলাই, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  শুরু হয়েছিল খুন ও খুনের চেষ্টার তদন্ত। তা করতে গিয়ে তদন্তকারীরা দেখেন, বেহালার ধর্মরাজতলা এলাকায় যাকে খুনের চেষ্টা হয়েছে, সেই দীপক সিং আসলে একজন প্রতারক। নকল সোনা বন্ধক রেখে টাকা নিয়ে প্রতারণা করে বেড়াচ্ছে। চমকের এখানেই শেষ নয়। তদন্ত এগতেই জানা যায়, রাজস্থানের ভরতপুর হল এই ধরনের প্রতারকদের ঘাঁটি। এখান থেকেই প্রতারকরা কলকাতা তথা রাজ্যের বিভিন্ন জেলায় এসে ঠকাচ্ছে সোনার দোকানদারদের। এরপর পর্ণশ্রী থানার অফিসাররা ভরতপুরে পৌঁছয়। অনেকে বাধা পেরিয়ে শেষ পর্যন্ত এই ‘কারবারের’ অন্যতম বড় মাথা  ধরম সিংকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে আসতে পেরেছেন তদন্তকারীরা। কোথায় কোথায় নকল সোনা বন্ধক রেখে টাকা নিয়েছে এই গ্যাংয়ের সদস্যরা, ধৃতকে জেরা করে জানতে চাইছেন তদন্তকারীরা।

Advertisement

২২ জুন ভোর রাতে বেহালার ধর্মরাজতলায় মহেন্দার সিং ও দীপক সিং নামে দুজনকে রাস্তা থেকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিস। হাসপাতালে মৃত্যু হয় মহেন্দারের। দীপক পুলিসকে জানায়, সে রাজস্থানের বাসিন্দা। খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় কয়েকজনকে। দীপক জেরায় জানায়, ভরতপুর থেকে এই গ্যাং চলছে। তার দল ছাড়াও একাধিক গ্যাং রয়েছে। যারা পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্নপ্রান্তে প্রতারণা করে বেড়াচ্ছে। সব ক্ষেত্রেই মোটিভ হল, নকল সোনা দিয়ে টাকা ধার নেওয়া। প্রতারণার মামলায় গ্রেপ্তার হয় দীপক। এরপর পুলিসের টিম ঘটনার তদন্তে যায় ভরতপুর। সেখানে গিয়ে অফিসাররা জানতে পারেন, প্রতিটি ঘরে এই গ্যাংয়ের সদস্যরা রয়েছে। এটাই এখানকার মানুষদের পেশা। একটি গ্যাং প্রতারণা করে রাজস্থানে ফিরলে, অন্য দল সেই রাজ্যে গিয়ে হাজির হয়। গ্যাংগুলির নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া রয়েছে। যখন যে রাজ্যে যায় সেখানকার স্থানীয় ভাষা শিখে নেয় এলাকার লোকেদের কাছে। ব্যবসায়ী হিসেবে বাড়ি ভাড়া নেওয়ার সময় এই গ্যাংয়ের সব সদস্যের বয়ান একটাই থাকত। তা হলো সেখানে ব্যবসা বাড়াতে চায়।  সকলেই সঙ্গে নিয়ে যেত নকল সোনা। মূলত জুয়েলারি দোকানেই তারা হানা দেয়। কলকাতায় এই গ্যাংয়ের সদস্যদের দাপট ক্রমে বাড়ছে বলে জেনেছেন তদন্তকারীরা। তাঁরা জানতে পারেন, কলকাতায় কোন গ্যাংয়ের সদস্যরা যাবে, তা ঠিক করছে ধরম সিং। সে নিজেও একাধিকবার শহরে এসে প্রতারণা করে গিয়েছে। 
অভিযুক্তকে জেরা করে তদন্তকারীরা জেনেছেন, নকল সোনা বন্ধক রেখে তারা কয়েক কোটি টাকার প্রতারণা করেছে। একাধিক জুয়েলারি দোকানের মালিক তাদের ফাঁদে পা দিয়ে টাকা খুইয়েছেন। ধরম সিংয়ের কথামতোই দীপক ও মহেন্দার এখানে এসে জুয়েলার্সদের ঠকিয়ে টাকা হাতাচ্ছিল। ওই দু’জন রাজস্থান ফিরে গেলে, অন্য দল আসত প্রতারণা করার জন্য। ধরম সিংকে জেরা করে  গ্যাংয়ের বাকি সদস্যদের চিহ্নিত করার চেষ্টা চলছে।  

সম্পর্কিত সংবাদ