Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মথুরাপুর গ্রামীণ হাসপাতালকে মহকুমাস্তরে উন্নীত করার উদ্যোগ

মথুরাপুর গ্রামীণ হাসপাতালকে মহকুমা হাসপাতালে উন্নীত করার তোড়জোড় শুরু হয়েছে। এজন্য উদ্যোগ নিয়েছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার।

মথুরাপুর গ্রামীণ হাসপাতালকে মহকুমাস্তরে উন্নীত করার উদ্যোগ
  • ২১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: মথুরাপুর গ্রামীণ হাসপাতালকে মহকুমা হাসপাতালে উন্নীত করার তোড়জোড় শুরু হয়েছে। এজন্য উদ্যোগ নিয়েছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। পূর্তদপ্তর থেকে ইতিমধ্যেই সমীক্ষার কাজও হয়েছে। এই প্রসঙ্গে সাংসদ বাপি হালদার বলেন, দীর্ঘদিন ধরে মানুষের দাবি ছিল, এই হাসপাতাল যাতে মহকুমাস্তরের হাসপাতালে উন্নীত হয়। সেই প্রস্তাব ডায়মন্ডহারবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে পাঠানো হয়েছে। এই বিষয়ে কথাবার্তাও চলছে। ডায়মন্ডহারবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়ন্ত সুকুল বলেন, প্রয়োজনীয় কাগজপত্র স্বাস্থ্যভবনে জমা দেওয়া হয়েছে। সবুজ সঙ্কেত এলেই কাজ শুরু হবে।

Advertisement

মথুরাপুর গ্রামীণ হাসপাতাল মন্দিরবাজার ও রায়দিঘি বিধানসভার অধীন। এই হাসপাতাল আনুমানিক ৩০ বিঘা জমির উপরে গড়ে উঠেছে। ৬ জন চিকিৎসক ও ১৬ জন নার্স রয়েছেন। আছে ৬০টি বেড। হাসপাতালটির উপর নির্ভরশীল মথুরাপুর ১ নম্বর ও মন্দিরবাজার ব্লকের পঞ্চায়েতগুলি। মথুরাপুর ২ নম্বর ব্লকের কিছু এলাকার মানুষকে এই হাসপাতালে আসতে হয়। এমনকী, পাথরপ্রতিমা ও রায়দিঘি বিধানসভার এলাকার লোকজন এই হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই স্থানীয় বিধায়ক ও সাংসদের কাছে এই হাসপাতালকে মহকুমাস্তরের হাসপাতালে পরিণত করার দাবি জানিয়েছিলেন। তাঁরা বলেন, মহকুমা হাসপাতালে পরিণত হওয়ার জন্য বড় জায়গা এই হাসপাতালেই রয়েছে। বেশ কয়েকটি বিধানসভার মানুষজন এতে উপকৃত হবেন। অস্ত্রোপচার সহ বড় রোগ হলে সাধারণ মানুষকে ৩৫ কিলোমিটার দূরে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে ছুটতে হয়। অবিলম্বে এই বিষয়টি স্বাস্থ্যদপ্তরের দেখা উচিত।
মথুরাপুর ১ নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক বেনীমাধব মাঝি বলেন, এই গ্রামীণ হাসপাতালের আউটডোরে রোজ ৭০০ করে রোগীর ভিড় হয়। মথুরাপুর স্টেশনের কাছেই এই হাসপাতাল হওয়ায় রোগীদের ভিড়ের চাপ অত্যধিক।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ