Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইংল্যান্ডে পৌঁছল ভারতীয় দল

ভারত বনাম ইংল্যান্ড সিরিজের দামামা বেজে গেল। বৃহস্পতিবার রাতেই শুভমান গিল-ব্রিগেড রওনা দেন। শুক্রবার নির্দিষ্ট সময়েই লন্ডনে পৌঁছন ভারতীয় ক্রিকেটাররা।

ইংল্যান্ডে পৌঁছল ভারতীয় দল
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারত বনাম ইংল্যান্ড সিরিজের দামামা বেজে গেল। বৃহস্পতিবার রাতেই শুভমান গিল-ব্রিগেড রওনা দেন। শুক্রবার নির্দিষ্ট সময়েই লন্ডনে পৌঁছন ভারতীয় ক্রিকেটাররা। দেশ ছাড়ার আগে মুম্বই বিমানবন্দরে কোচ ও ক্রিকেটারদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই। সেখানে গিল, গৌতম গম্ভীর, ঋষভ পন্থ, সাই সুদর্শনদের বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে। উল্লেখ্য লোকেশ রাহুল, করুণ নায়ার, ধ্রুব জুরেলরা ‘এ’ দলের সঙ্গে আগেই ইংল্যান্ডে পৌঁছেছেন। 

Advertisement

আগামী ২০ জুন লিডসে সিরিজের প্রথম টেস্ট। তার আগে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াই বড় চ্যালেঞ্জ ভারতীয় ক্রিকেটারদের। প্রস্তুতি শিবিরে নিজেদের মধ্যে ম্যাচ খেলে টিম কম্বিনেশন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তাছাড়া করুণ নায়ার, জুরেলদের ভারতীয় ‘এ’ দলের পারফরম্যান্সের উপরও কড়া নজর রেখেছেন হেডস্যার। উল্লেখ্য, ২০০৭ সালের পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জেতেনি টিম ইন্ডিয়া। ২০২১-২০২২ মরশুমে খরা কাটানোর সুযোগ ছিল। কিন্তু লিড নিয়েও ২-২ ড্র করে টিম ইন্ডিয়া। এবার তো বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিনের মতো ক্রিকেটার নেই। শুভমান গিলের নেতৃত্বে নতুন যুগের সূচনা করতে চলছে গম্ভীর-ব্রিগেড। আসন্ন সিরিজ ভারতীয় দলের কাছে অ্যাসিড টেস্ট হতে চলেছে। রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ছাড়া ভারতের ব্যাটিং অর্ডার কী হবে, সেটাই দেখার। এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে ক্যাপ্টেন গিল জানিয়েছেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ভারতীয় ‘এ’ দলের হয়ে করুণ নায়ারের দ্বিশতরান আশার আলো দেখাচ্ছে। বিশেষজ্ঞরা বিরাট কোহলির চার নম্বর পজিশনে করুণকে খেলানোর পরামর্শ দিচ্ছেন। আর তিন নম্বর পজিশনে গিলকে। 
ওপেনিংয়ে যশস্বীর সঙ্গে সাই সুদর্শনকে নিয়ে চর্চা চলছে। সেক্ষেত্রে লোকেশ রাহুলকে মিডল অর্ডারে ব্যবহার করা হবে। তবে ইংল্যান্ডের পরিবেশে লোকেশের টেকনিক বেশ উজ্জ্বল। তাই অনেকে তাঁকে ওপেন করানোর জন্যও সওয়াল করছেন। আর বোলিংয়ের প্রধান অস্ত্র যশপ্রীত বুমরাহ। সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে বল হাতে আগুন ঝরিয়েছিলেন বিশ্বের এক নম্বর পেসার। কিন্তু চোটের কারণে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। চোট সারিয়ে আইপিএলে ফিরলেও ইংল্যান্ড সফরে তিনি নাকি তিনটির বেশি টেস্ট খেলবেন না। তাই রীতিমতো চিন্তায় ভারতীয় দল। কারণ, এমনিতেই চোটের কারণে মহম্মদ সামিকে স্কোয়াডে রাখা হয়নি। তাই পেস বিভাগে অভিজ্ঞতার অভাব ভোগাতে পারে ভারতকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ