নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চীনের তুলনায় বাণিজ্যের প্রধান চালিকা শক্তিগুলিতে ভারত বহু পিছিয়ে। স্পষ্টই জানিয়ে দিল নীতি আয়োগ। ত্রৈমাসিক বাণিজ্য রিপোর্ট প্রকাশ করে নীতি আয়োগ সোমবার বলেছে, মধ্যস্থতা বাণিজ্যে ভারত বহু পিছিয়ে। নীতি আয়োগের সিইও বি ভি আর সুব্রহ্মণ্যম রীতিমতো কঠোর ভাষায় বলেছেন, ভারতের বাণিজ্য নীতি অন্তত এই ক্ষেত্রে ভুল পথে যাচ্ছে। প্রসঙ্গত মধ্যস্থতা বাণিজ্যে চীন বিশ্বের মধ্যে প্রথম স্থানে। সোজা কথায়, প্রত্যক্ষভাবে উৎপাদন না করেও শুধুমাত্র অর্ডার নেওয়া এবং সাপ্লাই করা—এই পন্থায় চীন বিশ্বজুড়ে বিপুল বাণিজ্য করে। এই বাণিজ্যে ভারত সেভাবে সফল নয়। এর অন্যতম কারণ, ভারতের নিজস্ব আন্তর্জাতিক পরিবহণ ব্যবস্থা, সমুদ্রপথে স্বাবলম্বী সরবরাহ চেইন, নেটওয়ার্ক এবং শুল্ক নিয়ে নরম মনোভাব কোনওটাই নেই। তাই নীতি আয়োগ বলেছে, ভারতকে এখনই শুল্ক নিয়ে বাস্তব পথে এগোতে হবে। যেখানে লাভ বেশি সেখানে শুল্ক কমাতে হবে।



