Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপের আগে জয়ের ছন্দ ফিরে পেতে মরিয়া ভারত

সিরিজ আগেই পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। হোয়াইটওয়াশের লজ্জা  এড়াতে সফল নিউজিল্যান্ডও। এই আবহে শনিবার পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচ কার্যত নিয়মরক্ষার।

বিশ্বকাপের আগে জয়ের ছন্দ ফিরে পেতে মরিয়া ভারত
  • ৩১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তিরুবনন্তপুরম: সিরিজ আগেই পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। হোয়াইটওয়াশের লজ্জা  এড়াতে সফল নিউজিল্যান্ডও। এই আবহে শনিবার পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচ কার্যত নিয়মরক্ষার। তবুও এই ম্যাচ দুই দলের কাছেই হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারতের কাছে। কারণ, ঠিক এক সপ্তাহ পর টি-২০ বিশ্বকাপ। ৭ ফেব্রুয়ারি অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। মেগা আসরে নামার আগে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার এটাই অন্তিম সুযোগ কোচ গৌতম গম্ভীরের সামনে।

Advertisement

ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে বড় দুটো চ্যালেঞ্জ হল ওপেনিং জুটি এবং চোট সমস্যা। শুভমান গিলকে বাদ দিয়ে সঞ্জু স্যামসনের উপর ভরসা রেখেছিলেন নির্বাচকরা। কিন্তু কেরলের ক্রিকেটারটি সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। চারটি ম্যাচের মধ্যে তাঁর সর্বাধিক রান ২৪। সঞ্জুর ফুটওয়ার্কের গলদ চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন সুনীল গাভাসকর। বিশ্বকাপের আগে তাঁর রানে ফেরাটা জরুরি। তাই ঘরের মাঠ তিরুবনন্তপুরমে আরও একবার সুযোগ পেতে পারেন সঞ্জু। সেক্ষেত্রে সম্ভবত ওপেনই করবেন। তিনি যদি পুনরায় ব্যর্থ হন, তাহলে বিশ্বকাপে অভিষেকের ওপেনিং পার্টনার হতে পারেন ঈশান কিষান। দুরন্ত ফর্মে ঝাড়খণ্ডের তরুণ বাঁ হাতি ব্যাটার। তবে চোটের কারণে গত ম্যাচে খেলেননি। শনিবার হয়তো নামবেন। না খেললে সুযোগ পেতে পারেন শ্রেয়স আয়ার। পুরো সিরিজে তাঁকে বসিয়ে রাখা হয়েছে ডাগ-আউটে।

চলতি সিরিজে ভারতীয় দল অনেকটাই স্বস্তিতে ক্যাপ্টেন সূর্যকুমার ছন্দে ফেরায়। রায়পুরে ৮২ ও গুয়াহাটিতে করেছিলেন ৫৭ রান। দুই ইনিংসেই ছিলেন অপরাজিত। সিরিজের শেষ ম্যাচেও সূর্য জ্বলে ওঠার আপ্রাণ চেষ্টা করবেন। সেটা হলে কপালে দুঃখ রয়েছে কিউয়ি বোলারদের। ভারতের মিডল অর্ডার খুবই ঝাঁঝালো। হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবেরা একক দক্ষতায় ম্যাচ জেতাতে পারেন। গত ম্যাচে হারের ধাক্কা সামলে জয়ের সরণিতে ফেরার জন্য ব্যাটসম্যানদেরই বাড়তি দায়িত্ব নিতে হবে।

বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও ওয়াশিংটন সুন্দর, তিলক ভার্মা ফিট নন। তাঁদের ম্যাচ কন্ডিশনে ফিরতে সময় লাগবে। তবে চোট সারিয়ে শেষ ম্যাচে খেলতে পারেন অক্ষর প্যাটেল। সেক্ষেত্রে বিশ্রাম দেওয়া হতে পারে হর্ষিত রানাকে। কারণ, ওয়ান ডে’র পর টি-২০ সিরিজেও যথেষ্ট ধকল নিয়েছেন তিনি। পেস আক্রমণে বুমরাহর সঙ্গী হতে পারেন অর্শদীপ। স্পেশালিস্ট স্পিনার হিসেবে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর মধ্যে একজনকে বেছে নেওয়া হতে পারে।

বিশ্বকাপের আগে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবে নিউজিল্যান্ডও। ওপেনিংয়ে কনওয়ের সঙ্গী হতে পারেন ফিন অ্যালেন। এছাড়া রাচীন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপসের মতো মারকুটে ব্যাটার ভারতীয় বোলারদের উপর চাপ বাড়াবেন। মিড অর্ডারে মার্ক চাপম্যানের সঙ্গে ক্যাপ্টেন মিচেল স্যান্টনার খুবই বিপজ্জনক কম্বিনেশন।

চোট সারিয়ে ফিরতে পারেন ব্রেসওয়েল। দলে যোগ দিয়েছেন জেমস নিশাম। খেলতে পারেন তিনিও। ঈশ সোধি অতীতে এই মাঠে ভালো পারফর্ম করায় তাঁর সম্ভাবনাও থাকছে। পেস আক্রমণে নিউজিল্যান্ডের শক্তি আরও বাড়বে কাইল জেমিসন ফিরলে।

 ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। স্টার স্পোর্টস ও জিওহটস্টারে সম্প্রচার।

Advertisement
সম্পর্কিত সংবাদ