Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চড়া দামে হাত পুড়িয়ে জামাইষষ্ঠীর কেনাকাটা সারলেন শ্বশুর-শাশুড়িরা

আজ রবিবার জামাইষষ্ঠী। অরণ্য ষষ্ঠীর পুজো দেওয়ার পাশাপাশি জামাই আপ্যায়নের প্রস্তুতি সারতে শনিবারই বাজারে উপচে পড়ল শ্বশুর-শাশুড়িদের ভিড়

চড়া দামে হাত পুড়িয়ে জামাইষষ্ঠীর কেনাকাটা সারলেন শ্বশুর-শাশুড়িরা
  • ১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মালদহ, ইটাহার ও হিলি: আজ রবিবার জামাইষষ্ঠী। অরণ্য ষষ্ঠীর পুজো দেওয়ার পাশাপাশি জামাই আপ্যায়নের প্রস্তুতি সারতে শনিবারই বাজারে উপচে পড়ল শ্বশুর-শাশুড়িদের ভিড়। এদিন গৌড়বঙ্গজুড়ে বাজারও ছিল অগ্নিমূল্য। ফল-মিষ্টির পাশাপাশি ষষ্ঠীপুজোর জন্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি হয়েছে চড়া দরে। মাছ-মাংস কিনতে গিয়ে দাম শুনে আঁতকে উঠেছেন গৌড়বঙ্গের বাসিন্দারা। তবু জামাই বরণে ত্রুটি না রাখতে শেষ পর্যন্ত হাত পুড়িয়েই বাজার সেরেছেন অনেকে। 

Advertisement

মালদহ শহরের বিভিন্ন বাজারে আম, লিচু, বেদানা, আঙুর, কলা সহ সব রকমের ফল বিক্রি হয়েছে চড়া দামে। পাশাপাশি খেজুর, অপরিণত জাম, বাঁশপাতা, হাতপাখা, দই ও মিষ্টির ছিল ব্যাপক চাহিদা। মালদহের আম পর্যাপ্ত পরিমাণে এখনও নামেনি বাজারে। ফলে নদীয়ার আমই বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। বাজারে নেমেছে পাকা রুই, কাতলা, ইলিশ, চিতল, গলদা চিংড়ি সহ বিভিন্ন ধরণের মাছ। এক কেজি বা কাছাকাছি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা দরে। তার কম ওজনের ইলিশের দর ছিল ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে। আট থেকে ১০কেজি ওজনের চিতল মাছের পেটি বিক্রি হয়েছে ১ হাজার ২০০ টাকা কেজি দরে। গঙ্গা থেকে ধরা সাত থেকে আট কেজি ওজনের রুই ও কাতলা বিক্রি হয়েছে ৭০০ থেকে ৮০০ কাকা প্রতি কেজি। এছাড়াও কই, ট্যাংরা, পাবদা মাছের দামও ছিল চমকে দেওয়ার মতো।
উত্তর দিনাজপুর জেলার ইটাহারে জামাইষষ্ঠীর বাজারে আগুন। মাছ মাংসের পাশাপাশি শনিবার ইটাহারের চৌরঙ্গী মোড় এলাকায় ফলের বাজারে লিচুর দাম আকাশ ছোঁয়া। স্থানীয় ফল ব্যবসায়ী চন্দন সাহা ও পল্টু সাহা জানান, জামাই ষষ্ঠীর জন্য বাজারে আম ও লিচু সহ অন্য ফলের দাম অন্যদিনের তুলনাই খানিকটা বেশি আছে। এই দাম আরও বাড়বে।  এক বাসিন্দা ভবতোষ পাল জানান, আজকে জামাই ষষ্ঠীর বাজারে মাছ মাংসের সঙ্গে সঙ্গে আম লিচুর দাম খুব চড়া। তবে উপাই নেই জামাইকে আপ্যায়ন করতে বেশি দাম দিয়েই আম লিচু কিনলাম। 
সকাল থেকে হিলি শহরের বিভিন্ন বাজারে কেনাকাটা করতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। তবে অভিযোগ, অধিকাংশ জিনিসপত্রের দাম প্রায় আকাশ ছোঁয়া। তালপাতার পাখা বিক্রি হচ্ছে ২০থেকে ৫০ টাকা দরে। বাদ যায়নি পুজোর উপকরণেও। মিষ্টির দোকানেও ছিল ভিড়। ক্রেতারা  সকাল থেকেই বিভিন্ন মিষ্টির দোকানে মিষ্টি কিনতে ভিড় জমিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ