নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: অবশেষে অবৈধ নির্মাণ ইস্যুতে নড়েচড়ে বসল সিউড়ি মহকুমার অধীন তিনটি পুরসভা। কোন পুরসভা এলাকায় কত সংখ্যক নির্মাণ অবৈধ, তা খতিয়ে দেখতে পৃথকভাবে শুরু হয়েছে সার্ভের কাজ। পুরসভাগুলির তরফে জানা গিয়েছে, সার্ভে করে অবৈধ নির্মাণের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হবে। এরপর প্রতিটি ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। ইতিমধ্যে দুবরাজপুর পুরসভার তরফে বেশ কয়েকটি নির্মাণের ক্ষেত্রে নিয়ম না মানার অভিযোগ উঠেছে। সেগুলিকে চিহ্নিত করে পুরসভার তরফে বাড়ির মালিকদের নোটিসও পাঠানো হয়েছে। অতি দ্রুত অন্যান্য অবৈধ নির্মাণগুলিকে চিহ্নিত করে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। যদিও বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে, এসবই লোক দেখানো। এদিকে অবৈধ নির্মাণ ইস্যুতে সিউড়ির মহকুমা শাসক সুপ্রতীক সিনহা বলেন, অনেক ক্ষেত্রেই অনুমোদন ছাড়া বহুতল নির্মাণ করা হচ্ছে। অবৈধ নির্মাণ চিহ্নিতকরণের কাজ দ্রুত শেষ করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রয়োজনে জরিমানা সহ অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে। অবৈধ নির্মাণ ইস্যুতে বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত সরগরম হয়েছে। বেশকিছু দিন আগে সাঁইথিয়া পুরসভা এলাকাতে একটি অবৈধ নির্মাণ চিহ্নিত করে তা ভেঙে ফেলা হয়েছিল। এবার ফের সাঁইথিয়া পুরসভা অবৈধ নির্মাণের তালিকা তৈরির কাজ শুরু করেছে। সেইসঙ্গে সিউড়ি ও দুবরাজপুর পুরসভা কর্তৃপক্ষও তালিকা তৈরিতে জোর দিয়েছে। সেক্ষেত্রে শুরুতেই খতিয়ে দেখা হচ্ছে শহরাঞ্চলে গড়ে উঠা বসত বাড়িগুলি বিল্ডিং প্ল্যান অনুসারে তৈরি হয়েছে কি না। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিও পুরসভার আতস কাচের তলায় রয়েছে। সেইসঙ্গে খতিয়ে দেখা হচ্ছে জমির চরিত্র বদল (কনভার্সন) ছাড়াই কোনও বসতবাড়ি বা অন্য কোনও জমিতে ব্যবসায়িক ভবন গড়ে তোলা হয়েছে কি না। এছাড়াও সংশ্লিষ্ট পুরসভার অনুমোদন ছাড়া কোনও নির্মাণ কাজ হলে সেগুলিকেও চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।



