Bartaman Logo
৩১ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কেউ ভোটারকে ভয় দেখালে ভুগতে হবে থানার ওসিকে, বেনজির হুঁশিয়ারি কমিশনের

কোনো এলাকায় ভোটারদের ভয় দেখানোর কৌশল নেওয়া হলে সংশ্লিষ্ট এলাকার থানার ওসি/আইসিদের এমন শাস্তির মুখে পড়তে হবে যা তাঁরা ভাবতেই পারছেন না।

কেউ ভোটারকে ভয় দেখালে ভুগতে হবে থানার ওসিকে, বেনজির হুঁশিয়ারি কমিশনের
  • ২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোনো এলাকায় ভোটারদের ভয় দেখানোর কৌশল নেওয়া হলে সংশ্লিষ্ট এলাকার থানার ওসি/আইসিদের এমন শাস্তির মুখে পড়তে হবে যা তাঁরা ভাবতেই পারছেন না। রেয়াত করা হবে না কাউকেই। সামান্যতম ভুলত্রুটিও বরদাস্ত করবেন না কমিশন। কমিশনের  সঙ্গে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর বৈঠকে পুলিশ আধিকারিকদের এমনই বার্তা দিলেন স্পেশাল অবজার্ভার এন কে মিশ্র। ওসি/আইসি-সহ পুলিশ কর্মীরা নির্বাচনে পক্ষপাতিত্ব করলে এবং অন্যায় কাজের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তাঁদের সাসপেন্ড করা হবে। এই শাস্তি কমিশন তুলে নেবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Advertisement

দ্বিতীয় দফা ভোটগ্রহণ আগামী বুধবার। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে দৃঢ়প্রতিজ্ঞ ইসিআই। ইতিমধ্যেই পর্যবেক্ষকদের কাছে খবর আসছে, দ্বিতীয় দফা ভোটের আগেই বিভিন্ন জায়গায় ভোটারদের ভয় দেখানো হচ্ছে। ঘুরে বেড়াচ্ছে বাইক বাহিনী। শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে এসব বাধা হতে পারে বলে মনে করছেন তাঁরা। এই পরিস্থিতিতে ভোটপর্ব শান্তিপূর্ণ রাখতে  কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশ কর্তাদের সঙ্গে রবিবার সকালে বৈঠক করলেন কমিশনের কর্তারা। এর আগে পুলিশ সুপার ও কমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন তাঁরা। স্পেশাল অবজার্ভার সমস্ত থানার ওসিদের প্রথমেই জানিয়ে দেন, যেসব ব্যক্তির নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তাদের কাউকেই ভোটের আগে বাইরে রাখা যাবে না। তাদের রাখতে হবে লকআপে। যেভাবেই হোক, রবিবার রাতের মধ্যেই তাদের পাকড়াও করতে হবে। যাদের পাওয়া গেল না, তাদের যেন কোনোভাবেই এলাকায় দেখা না-যায়, সেটা নিশ্চিত করতে হবে ওসিকে। দুর্বৃত্তরা কোনো কৌশলে ভোটারদের ভয় দেখালেই সংশ্লিষ্ট থানার ওসিকে সাসপনেশনের মুখে পড়তে হবে। ভোট মেটার পরেও কমিশন সেই শাস্তি তুলবে না। 
ওসিদের উদ্দেশে কমিশনের বার্তা, বিভিন্ন জায়গা থেকে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ইসিআই পাচ্ছে। সব জেনেও কিছু থানা রীতিমতো নিষ্ক্রিয়। ধরপাকড় দূর, নিয়মমাফিক কেস পর্যন্ত রুজু করা হচ্ছে না! এমনকি, ভোটারদের ভয়মুক্ত এবং আশ্বস্ত করার কাজেও খামতি থেকে যাচ্ছে। এজন্য কমিশনের কর্তারা স্পষ্টভাবে থানার ওসি/আইসিদের জানিয়ে দিয়েছেন, কোনো থানা এলাকায় ভয় দেখানোর কৌশল নেওয়া হলে সেখানকার ওসি বা আইসিকে রেয়াত করা হবে না। তাঁদের বিরুদ্ধে এমন ব্যবস্থা  নেওয়া হবে, যা তাঁরা দুঃস্বপ্নেও ভাবেননি। এর পাশাপাশি, প্রতিটি থানা এলাকায় বিস্ফোরক উদ্ধারের উপরেও জোর দিয়েছে কমিশন। এখন যদি কোনো থানা এলাকায় বিস্ফোরক উদ্ধার না-হয়, তবে সেই থানা কর্তৃপক্ষকে শাস্তির মুখে পড়তে হবে। সাফ জানিয়ে দিয়েছে কমিশন।

সম্পর্কিত সংবাদ