Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘রাজনীতি করে আমাকে ছবি থেকে বাদ দেওয়া হয়েছে’

বাঙালি অভিনেত্রী তিনি। কিন্তু দীর্ঘ কেরিয়ারে এখনও পর্যন্ত কোনো বাংলায় কাজ নেই তাঁর। তিনি শ্রদ্ধা দাস। অভিনয়ের জার্নি নিয়ে একান্ত সাক্ষাৎকারে ভাগ করে নিলেন নানা কথা।

‘রাজনীতি করে আমাকে ছবি থেকে বাদ দেওয়া হয়েছে’
  • ৩১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বাঙালি অভিনেত্রী তিনি। কিন্তু দীর্ঘ কেরিয়ারে এখনও পর্যন্ত কোনো বাংলায় কাজ নেই তাঁর। তিনি শ্রদ্ধা দাস। অভিনয়ের জার্নি নিয়ে একান্ত সাক্ষাৎকারে ভাগ করে নিলেন নানা কথা।

Advertisement

সাফল্যের পথ

একদিকে আইএমডিবি-র জনপ্রিয় সেলিব্রেটির তালিকার শীর্ষে তিনি। অন্যদিকে ‘সার্চ: নয়না দ্য মার্ডার কেস’ সিরিজের প্রশংসা। এই দুটি ঘটনা নিয়ে এখন ব্যস্ত শ্রদ্ধা। কেরিয়ারে এসেছে কাঙ্ক্ষিত সাফল্য। কেমন অনুভূতি হচ্ছে? প্রশ্ন শুনে স্মিত হেসে বললেন, ‘আমি কারও সঙ্গে নিজের তুলনা করি না। ইনস্টাগ্রামে আমি কোনো অভিনেত্রীকে অনুসরণও করি না। অন্য অভিনেত্রীরা কী করছেন সে সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। আমি শুধু নিজেরটাই দেখি। একটা প্রজেক্ট শেষ হলে পরবর্তী প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়ি।’

শুধুই স্মৃতি

প্রয়াত বলিউড তারকা দেব আনন্দ-এর সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করার কথা ছিল শ্রদ্ধার। কিন্তু অভিনেতার প্রয়াণে তা আর সম্ভব হয়নি। সে প্রসঙ্গে অভিনেত্রী আক্ষেপের সুরে বলেন, ‘আমার বাবা-মা দেব আনন্দ স্যারের বড় ভক্ত। তাই ওঁর ছবিতে সুযোগ পেয়েছি শুনে খুব আনন্দ পেয়েছিলেন। বাবা-মাকে নিয়ে ওঁর বাংলোতে গিয়েছিলাম। দেব আনন্দ স্যারের সঙ্গে দেখা হওয়া আমার কাছে ছিল স্বপ্নের চেয়েও বেশি। কিন্তু দুর্ভাগ্যবশত ওঁর সঙ্গে আর কাজ করা হল না।’

কঠিন যাত্রা

বহিরাগত হিসেবে বলিউডে অভিনয় করা শ্রদ্ধার কাছে কঠিনই ছিল। অভিমানের সুরে তিনি বলেন, ‘আমি এখন পূর্ণাঙ্গ চরিত্রে সুযোগ পাচ্ছি। এই ধরনের চরিত্র আমার কাছে আসতে আসতে প্রায় ১৫-২০ বছর লেগে গেল। আমাকে বড় ভাবে কেউ লঞ্চ করেননি। ছোটো ছোটো চরিত্রে অভিনয় করেছি। অনেক ছবি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। এর পিছনে ছিল রাজনীতি। আমার অনেক দৃশ্য কেটে উড়িয়ে দেওয়া হয়েছে। আমার কষ্ট হত। কান্নাকাটি করতাম। এই জায়গায় পৌঁছানোর জন্য অনেক বেশি পরিশ্রম করেছি। আমাকে কেউ থালায় সাজিয়ে কিছুই দেয়নি। বেশি গ্ল্যামারাস বলে একটা ছবি থেকে বাদও পড়েছিলাম। এখন তো এখন আমি ডি-গ্ল্যাম চরিত্রেই হিট হয়ে গেলাম।’

বাংলা নয়

বাঙালি কন্যা শ্রদ্ধা হিন্দি ছাড়া দক্ষিণী সব ভাষার ছবিতে অভিনয় করেছেন। প্রবাসী বাঙালি হয়ে বাংলায় কাজ করার ইচ্ছে নিশ্চয়ই আছে? অভিনেত্রী বলেন, ‘আমার জন্য বাংলার চেয়ে তেলুগু বেশি সহজ। আমার বাংলা শুনে সকলে হাসেন। হিন্দি এবং ইংরেজিতে কথা বলতে সবচেয়ে স্বচ্ছন্দ বোধ করি।’

দেবারতি ভট্টাচার্য • মুম্বই

Advertisement
সম্পর্কিত সংবাদ