Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইক বাঁচাতে বউকে ফেলে পিঠটান স্বামীর, পরে ফিরলেন টোটোয় চেপে

বউয়ের থেকে বাইকই প্রিয় হল! বাইক বাঁচাতে বউকে পুলিসের কাছে ফেলেই চম্পট দিল বর। পরে অবশ্য বউকে নিতে ফিরে আসেন তিনি। কিন্তু বাইক নিয়ে নয়, এলেন টোটো চেপে।

বাইক বাঁচাতে বউকে ফেলে পিঠটান স্বামীর, পরে ফিরলেন টোটোয় চেপে
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: বউয়ের থেকে বাইকই প্রিয় হল! বাইক বাঁচাতে বউকে পুলিসের কাছে ফেলেই চম্পট দিল বর। পরে অবশ্য বউকে নিতে ফিরে আসেন তিনি। কিন্তু বাইক নিয়ে নয়, এলেন টোটো চেপে। মঙ্গলবার রাতে এহেন মজার কাণ্ড ঘটেছে রানাঘাটের কোর্ট মোড়ে। যা আপাতত চায়ের আড্ডায় ‘হট টপিক’। 

Advertisement

হেলমেট বিহীন বাইকযাত্রা, নম্বর প্লেট ছাড়া বাইক অথবা গাড়ি, নিষিদ্ধ হর্ন, বিকট শব্দের সাইলেন্সারের মতো একাধিক বেনিয়ম রুখতে অভিযান চালাচ্ছে রানাঘাট জেলা পুলিসের ট্রাফিক বিভাগ। মঙ্গলবার রাতে রানাঘাটের কোর্ট মোড়ে চলছিল ধরপাকড়। সেই সময়েই এক যুবক বাইকের পিছনে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু তাঁর বাইকে ছিল না নম্বর প্লেট। কোর্ট মোড়ে আসতেই পুলিস তাঁকে দাঁড়াতে বলে। দাঁড়িয়েও পড়েছিলেন ওই বাইক চালক। স্ত্রী বাইকের পিছনের সিট থেকে নামলে তাঁকে গাড়ি রাস্তার পাশে দাঁড় করাতে বলেন কর্তব্যরত ট্রাফিক কর্মীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্ত্রী নামার পর ওই যুবক পাশে না গিয়ে বউকে রেখেই দ্রুতগতিতে বাইক চালিয়ে চম্পট দেন। এই ঘটনায় হকচকিয়ে যান কর্তব্যরত ট্রাফিক কর্মীরা। তার চেয়েও বেশি অবাক হন তাঁর স্ত্রী। কোর্ট মোড়ে দাঁড়িয়ে তিনি বার বার ফোন করতে থাকেন স্বামীকে। পুলিস পড়ে তার চেয়েও বিপদে। তাদেরও খানিক ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা’। প্রায় তিন ঘণ্টা পর অবশেষে বউ নিতে কোর্ট মোড়ে ফেরেন সেই ‘গুণধর’ স্বামী। পুলিস যাতে নম্বর প্লেটহীন বাইকের জন্য কেস না দিতে পারে, তার জন্যে টোটো ভাড়া করে বউকে নিয়ে যেতে আসেন। বাইক বাঁচিয়ে রীতিমতো যুদ্ধজয়ের ভঙ্গিতে বউকে নিয়ে বাড়ির পথে রওনা দেন ওই যুবক। তাঁর কাণ্ড মুখে মুখে ঘুরছে রানাঘাটের অলিগলিতে। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিনের মধ্যে প্রায় শতাধিক বাইক চালকের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে। একাধিক বাস অথবা বড় গাড়ি থেকে খোলা হয়েছে বিকট শব্দের হর্ন। ধরপাকড়ের পাশাপাশি করা হচ্ছে সচেতনতার প্রচার। হেলমেটহীন আরোহী, নম্বর প্লেটহীন বাইক, নিষিদ্ধ হর্ন অথবা বিকট শব্দের সাইলেন্সার দেখলেই ট্রাফিক আইনে মামলা করা হবে বলে জানিয়েছে রানাঘাট জেলা পুলিস। 

Advertisement
সম্পর্কিত সংবাদ