Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উজবেকিস্তানে এশিয়ান কাপ জুডো, ভারতের হয়ে নামছে হাওড়ার স্মিতা

দু’দশকেরও বেশি সময় পর এশিয়ান কাপ জুডোতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে বাংলা।

উজবেকিস্তানে এশিয়ান কাপ জুডো, ভারতের হয়ে নামছে হাওড়ার স্মিতা
  • ২০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি: হাওড়া: দু’দশকেরও বেশি সময় পর এশিয়ান কাপ জুডোতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে বাংলা। ২১ থেকে ২৩ মে উজবেকিস্তানে হবে এশিয়ান কাপ জুডো চ্যাম্পিয়নশিপ। সেখানে মাইনাস ৪৪ কেজি বিভাগে অংশ নেবে সদ্য মাধ্যমিক দেওয়া স্মিতা পাল।

Advertisement

হাওড়ার বালিটিকুড়ির বাসিন্দা স্মিতা। সম্প্রতি মাধ্যমিক দিয়েছে। বাবা সনাতন পাল কারখানায় কাজ করেন। সংসারে আর্থিক অভাব। তবে সংসারের অভাবকে মেয়ের স্বপ্নের কাছে বাধা হয়ে দাঁড়াতে দেননি বাবা। মাত্র পাঁচ বছর বয়সে জুডো খেলায় হাতেখড়ি স্মিতার। স্কুল, রাজ্য ও জাতীয়স্তরের প্রতিযোগিতায় প্রচুর পদক পেয়েছে। এই প্রথমবার আন্তর্জাতিকস্তরে অংশ নিতে চলেছে। উজবেকিস্তানে ভারতের ১৬ প্রতিযোগী অংশ নেবেন। তাঁদের মধ্যে ন’জন মহিলা ও সাতজন পুরুষ। স্মিতার সঙ্গে সোমবার রওনা দিয়েছেন কোচ পার্থ সেনগুপ্ত। সিআরপিএফের প্রাক্তন জওয়ান পার্থবাবু ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়ন। তাঁর কাছেই এগারো বছর ধরে জুডো শিখছেন স্মিতা। 
পার্থবাবু বলেন, ‘বাইশ বছর আগে উত্তর ২৪ পরগনার একটি মেয়ে এশিয়ান কাপে খেলেছিল। এবার স্মিতা নামছে। তাই ওর থেকে আমাদের অনেক প্রত্যাশা। ওর ভিতরে জেদ রয়েছে। পদক নিয়েই ফিরব।’ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ফরম্যাটে মানিয়ে নিতে কর্ণাটকের একটি নামকরা জুডো কোচিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিয়েছে স্মিতা। তার কথায়, ‘জাতীয়স্তরে পদক পেয়েছি। এই প্রথম দেশকে প্রতিনিধিত্ব করব। ভীষণ আনন্দ হচ্ছে।’ ভারতের পাশাপাশি ইউএই, রাশিয়া, ইরান, কাজাখিস্তান, কিরঘিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান অংশ নিচ্ছে। ১৬ থেকে ১৮ বছর বয়সের ৫১৩ প্রতিযোগী খেলবেন।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ