নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কামারহাটির মাফিয়া জয়ন্ত সিংয়ের বাড়ি ভাঙার নির্দেশকে ঘুরপথে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। সেই মামলায় মামলাকারীর পরিচয় যাচাই করে পুরসভাকে তাঁর বক্তব্য শোনার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

হাইকোর্টের নির্দেশে ১৫ জুন আড়িয়াদহের বিতর্কিত তৃণমূল নেতা জয়ন্ত সিংয়ের বেআইনি বাড়ি ভাঙার নোটিস দেয় কামারহাটি পুরসভা। ১০ দিনের মধ্যে বাড়িটি খালি করার নির্দেশ জারি হয়। সেই নোটিসকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন প্রকাশ সিং নামের এক ব্যক্তি। তাঁর দাবি, তিনি ওই বাড়ির বাসিন্দা। পুর আইন অনুযায়ী তাঁকে বক্তব্য রাখার সুযোগ না দিয়েই ওই বাড়ি খালি করার নোটিস জারি করা হয়েছে।
যদিও সিঙ্গল বেঞ্চে যিনি জয়ন্তর এই বেআইনি বাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন, তাঁর দাবি, প্রকাশ ওই বাড়িতে কোনওদিনই থাকতেন না। ওই বেআইনি নির্মাণের মাথা জয়ন্ত এখন অন্য মামলায় জেলে রয়েছে। এই অবস্থায় বেআইনি নির্মাণ বাঁচাতে একজন ভুয়ো বাসিন্দাকে দিয়ে মামলা করানো হয়েছে। তাঁর মক্কেল যে ওই বাড়ির বাসিন্দা, এমন কোনও নথি আদালতে দেখাতে পারেননি প্রকাশের আইনজীবী। যে কারণে বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয় গুপ্তর ডিভিশন বেঞ্চের নির্দেশ, মামলাকারী যদি ওই বাড়ির বাসিন্দা হিসেবে কোনও নথি দেখাতে পারেন, তাহলে তাঁর বক্তব্য শুনতে হবে পুরসভাকে। তারপরই ওই বাড়ি ভাঙা যাবে।