নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করে নির্যাতিতা চিকিৎসকের মা নবান্ন অভিযানে গিয়ে আহত হওয়ার ঘটনায় দুই থানার তদন্তে অসন্তোষ প্রকাশ করল হাইকোর্ট। বুধবার কলকাতার পুলিশ কমিশনারকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, ডেপুটি পুলিশ কমিশনার পদমর্যাদার কোনও অফিসারকে দিয়ে এই ঘটনার তদন্ত করাতে হবে। ঘটনাটি অপরাধযোগ্য কি না, তা দেখে এফআইআর করতে হবে। এরপরও পরবর্তী তদন্ত করা হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেবেন কমিশনার। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ ছিল, নিউ মার্কেট এবং শেক্সপিয়ার থানার অফিসাররা যে তদন্ত করেছেন, তা সন্তোষজনক নয়। তারপরই পুলিশ কমিশনারকে ওই নির্দেশ দেন বিচারপতি।



