নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ মঙ্গলবার এবং আগামী কাল বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার অতিভারী বৃষ্টির সতর্কতা থাকছে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরের জন্য। বুধবার অতিভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম মেদিনীপুর জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় এই দু’দিন ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতি ও শুক্রবার। এই জেলাগুলির মধ্যে রয়েছে বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জন্যও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। তবে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে বৃহস্পতিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার জন্য। এই দুটি জেলার কয়েকটি জায়গায় সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে ১০০ মিমি বা তার আশাপাশে বৃষ্টি হয়েছে। কোনও জায়গায় ২৪ ঘণ্টার মধ্যে ১১০ থেকে ২০০ মিমি পর্যন্ত বৃষ্টি হলে তা অতিভারী হিসেবে চিহ্নিত করা হয়। ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টি হলে তা ভারী হিসেবে চিহ্নিত। আজ ও আগামী কাল রাজ্যের উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। কারণ জোরালো হাওয়ায় সমুদ্র কিছুটা উত্তাল হবে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিমি হতে পারে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ইতিমধ্যেই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। উপকূলে জোরালো হাওয়া প্রবাহিত হওয়ার কারণও এই ঘূর্ণাবর্ত। এই পরিস্থিতিতে আগামী দু-তিনদিনের মধ্যে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বাকি অংশে বর্ষার প্রবেশ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ আরও কিছুটা বাড়লেই আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেবে।