Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হলদিয়া বইমেলার আকর্ষণ পানপাতা আয়ুর্বেদিক চা

পান পাতা থেকে তৈরি আয়ুর্বেদিক চা প্রতিদিন বইপ্রেমীদের অভ্যর্থনা জানাচ্ছে হলদিয়া বইমেলা

হলদিয়া বইমেলার আকর্ষণ পানপাতা আয়ুর্বেদিক চা
  • ১৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হলদিয়া: পান পাতা থেকে তৈরি আয়ুর্বেদিক চা প্রতিদিন বইপ্রেমীদের অভ্যর্থনা জানাচ্ছে হলদিয়া বইমেলা। মেলায় এসে এমন অভিনব চায়ে চুমুক দিয়ে সবাই মুগ্ধ। এক কাপ চায়ে আশ মিটছে না, নিমেষে কয়েক চুমুকে দু’চার কাপ শেষ করছেন অনেকেই। পান পাতার আয়ুর্বেদিক চায়ে চুমুক দেওয়ার পর অনেকেই কিনছেন ‘বেঙ্গল ড্রাই পান’ প্যাকেট। পাউচে বিক্রি হচ্ছে সবুজ চা পাতার মতো শুকনো পান পাতা। শুকনো পান পাতার সঙ্গে তুলসিপাতা, আদা ও গোলমরিচ মেশানো রয়েছে। হলদিয়া বইমেলায় দেদার বিক্রি হচ্ছে ৩০ টাকা করে পাউচ বন্দি পান পাতার চা। নতুন ধরনের এই চায়ের উদ্ভাবক মহিষাদলের অমৃতবেড়িয়ার বাসিন্দা হরিপদ দোলই। তাঁর দাবি, এই পান পানীয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে পরীক্ষিত হওয়ার পর ফ্যাসাইয়ের রেজিস্ট্রেশনও পেয়েছেন। তিনি বলেন, বর্তমানে জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিভাগে নথিভুক্ত হয়েছে পান পানীয় তৈরির উদ্যোগ। এই স্টল থেকে পান পাতার চা কিনেছেন মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, অতিরিক্ত পুলিস সুপার মনোরঞ্জন ঘোষ, আশিস লাহিড়ি প্রমুখ। বৃহস্পতিবার মেলায় বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়াদের ভিড় ছিল লক্ষ্যণীয়। বাড়বাজিত যতীন্দ্র হাই স্কুলের মতো হলদিয়ার গ্রামের স্কুল থেকে ছাত্রছাত্রীদের নিয়ে বইমেলায় এসেছিলেন শিক্ষকরা। প্রধান শিক্ষিকা গার্গী সামন্ত বলেন, প্রায় ৫০জন পড়ুয়া বইমেলায় এসেছিল। অনেক ছাত্র বই কিনেছে। হলদিয়া আইকেয়ার সংস্থার সম্পাদক আশিস লাহিড়ি বলেন, বিভিন্ন কলেজের পক্ষ থেকে লক্ষাধিক টাকার বই কেনা হয়েছে মেলা থেকে। 

Advertisement

এদিন সন্ধে নাগাদ কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে খানিকটা ব্যাঘাত ঘটে। কিন্তু, বৃষ্টি থামতেই অনেককে বইমেলামুখী হতে দেখা যায়। বইমেলা কমিটির অন্যতম কর্মকর্তা শেখ ইব্রাহিম আলি বলেন, মেলা দেখতে আসা স্কুল পড়ুয়াদের জন্য মেলা কমিটির তরফে টিফিনের ব্যবস্থাও রাখা হয়েছে। বইমেলার কার্যকরী সম্পাদক পরেশ দাস বলেন, এদিন বিকেলে ‘অনলাইন পড়াশোনা বনাম বই’ শীর্ষক আলোচনা সভায় পাঁচটি স্কুলের প্রধান শিক্ষক বক্তব্য রাখেন। এদিন সন্ধেয় মধুরিমা দাঁয়ের গান ও মহিষাদল শিল্পকৃতির ‘সেই স্বপ্নপুর’ সবাইকে মুগ্ধ করে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ