নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলে তিনবার লিগ-শিল্ড জিতেছেন গ্রেগ স্টুয়ার্ট। তিনবারই আলাদা ক্লাব বা ফ্র্যাঞ্চাইজির হয়ে। স্কটিশ ফুটবলার ছাড়া আইএসএলে এমন কৃতিত্ব কারও নেই। কিন্তু, আপশোস! স্টুয়ার্টের ঝুলিতে আইএসএল কাপ নেই। মোহন বাগান জার্সিতে সেই মাইলস্টোন স্পর্শ করকে প্রতিজ্ঞাবদ্ধ স্কটিশ মিডিও। সেমি-ফাইনালের প্রথম লেগের আগে স্টুয়ার্ট আক্ষেপ করে বলছিলেন, ‘এবার সেই পরিসংখ্যান বদলাতে মুখিয়ে রয়েছি। সবুজ-মেরুন জার্সিতে আইএসএল কাপ জিততে জান লড়িয়ে দেব।’
ভারতে গ্রেগের প্রথম দল জামশেদপুর। ২০২১-২২ মরশুমে ইস্পাত নগরীর দলটিকে লিগ-শিল্ড জিতিয়েছিলেন তিনি। পরের বছর মুম্বই সিটি এফসি’কে লিগ-শিল্ড চ্যাম্পিয়ন করেন। আর এবার মোহন বাগানের হয়ে। তিনবারের মধ্যে স্পেশাল কোনটি? একটু ভেবে স্টুয়ার্টের জবাব, ‘সত্যি বলতে জামশেদপুর। কারণ, দলে খুব বেশি তারকা ফুটবলার না থাকা সত্ত্বেও সেবার চ্যাম্পিয়ন হয়েছিলাম।’ সেমি-ফাইনালে এবার জামশেদপুরের বিরুদ্ধে নামার আগে বেশ সতর্কও গ্রেগ। তিনি বলছিলেন, ‘শেষ সাক্ষাতে কিন্তু আমরা জামশেদপুরকে হারাতে পারিনি। তাই ম্যাচটা কঠিন হবে। আমরা যে লিগ-শিল্ড চ্যাম্পিয়ন সেটা ভুলে গিয়ে বৃহস্পতিবার শূন্য থেকে শুরু করতে হবে।’