Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কুলে প্রার্থনায় রাজ্যসংগীত ‘বাংলার মাটি বাংলার জল’ গাওয়ার নির্দেশ সরকারের

অসমে রবীন্দ্রসংগীত ‘আমার সোনার বাংলা’ গাওয়ার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের বিতর্কের মধ্যে গুরুত্বপূর্ণ অবস্থান নিল পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত স্কুলে প্রার্থনাসংগীত হিসেবে ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি গাইতে হবে।

স্কুলে প্রার্থনায় রাজ্যসংগীত ‘বাংলার মাটি বাংলার জল’ গাওয়ার নির্দেশ সরকারের
  • ৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অসমে রবীন্দ্রসংগীত ‘আমার সোনার বাংলা’ গাওয়ার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের বিতর্কের মধ্যে গুরুত্বপূর্ণ অবস্থান নিল পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত স্কুলে প্রার্থনাসংগীত হিসেবে ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি গাইতে হবে। এটিও রবীন্দ্রসংগীত এবং পশ্চিমবঙ্গে রাজ্যসংগীতও বটে। ‘আমার সোনার বাংলা’ নিয়ে অসমের বিজেপি সরকারের অভিযোগ ছিল, ওটি বাংলাদেশের জাতীয়সংগীত। তাই বিদেশি জাতীয়সংগীত গেয়ে উসকানিমূলক আচরণ করেছেন অসমের বাঙালি কংগ্রেস নেতা। 

Advertisement

এরপরে, এরাজ্যেও বিজেপির এই অবস্থানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ পুঞ্জীভূত হয়। দলে দলে ‘আমার সোনার বাংলা’ গেয়ে প্রতিবাদ প্রদর্শন হয়। রাজ্যসংগীতে অবশ্য তেমন বিতর্ক নেই। তবে, রাজ্যের নির্দেশে কিছু স্কুল প্রশ্ন তুলছে, তাদের বা অন্য যেসব স্কুলে জাতীয়সংগীতকেই প্রার্থনাসংগীত হিসেবে গাওয়া হয়, সেই ধারা কি বদলে ফেলতে হবে? এর ব্যাখ্যা অবশ্য মেলেনি। 
পর্ষদের এক কর্তা বলেন, এটি সরকারি সিদ্ধান্ত। সেখান থেকে নির্দেশ পেয়েই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এদিকে, আজ, শুক্রবার জাতীয়গান ‘বন্দেমাতরম’-এর দেড়শো বছর পূর্তি পালনের জন্য পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে সমস্ত জেলা আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলগুলিতে জাতীয়গান সংঘবদ্ধভাবে গাওয়ার জন্য উৎসাহ দিতে হবে। পাশাপাশি ডিইওদের ভারতের স্বাধীনতা আন্দোলনে জাতীয়গানের ভূমিকা নিয়ে আলোচনাচক্র আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে। দেখতে হবে, স্কুলগুলিই যেন এই ধরনের উদ্যোগ নেয়।

সম্পর্কিত সংবাদ