জয়পুর: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে রাজস্থানের এক সরকারি কর্মীকে আগেই আটক করা হয়েছিল। টানা জেরার পর মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করল মরুরাজ্যের পুলিস। ধৃতের নাম সাকুর খান। তাঁর সঙ্গে কংগ্রেস আমলের প্রাক্তন মন্ত্রী শালে মহম্মদের সঙ্গেও যোগাযোগ ছিল বলে অভিযোগ।
সিআইডি সূত্রে খবর, ধৃত সাকুর খানের সঙ্গে দিল্লির পাক দূতাবাসের নিয়মিত যোগাযোগ ছিল। আসান উর রহিম ওরফে দানিশ এবং সোহেল কামার নামে দূতাবাসের দুই কর্মীর সঙ্গে তাঁর যোগাযোগের প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা। পাশাপাশি জেরায় অভিযুক্ত বিষয়টি স্বীকারও করে নিয়েছেন। গোয়েন্দারা জানতে পেরেছেন, দানিশের মাধ্যমে পাকিস্তানের ভিসা জোগাড় করেছিলেন সাকুর। এরপর পাকিস্তানে গেলে আইএসআইয়ের এক এজেন্টের সঙ্গে দানিশ তাঁর পরিচয় করিয়ে দিয়েছিল। দেশে ফেরার পর সাকুর আইএসআই এজেন্টদের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিয়েছিলেন বলে অভিযোগ। আটক করার পর তাঁর মোবাইল থেকে একাধিক পাকিস্তানি নম্বরও পান গোয়েন্দারা। এদিকে পহেলগাঁও হামলার পর দানিশকে অবাঞ্ছিত ঘোষণা করে ভারত। তাকে অবিলম্বে পাকিস্তানে ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এরইমধ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে ১২ জনকে আটক করেছে মুম্বই পুলিসের সন্ত্রাসদমন শাখা।