


চেন্নাই: চলতি আইপিএলের শুরুতে রীতিমতো ধুঁকছিল চেন্নাই সুপার কিংস। তবে ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে ঋতুরাজ গায়কোয়াড়ের দল। শেষ চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে তারা। সৌজন্যে সঞ্জু স্যামসনের দুরন্ত ফর্ম। গত ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন তিনি। তাঁকে সামনে রেখেই রবিবার ঘরের মাঠ চিপকে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামছে সিএসকে। জয়ের ছন্দ ধরে রেখে প্লে-অফের পথ সুগম করাই লক্ষ্য তাদের।
চেন্নাইয়ের ব্যাটারদের মধ্যে সঞ্জু ছাড়াও রানের মধ্যে রয়েছেন সরফরাজ খান। তবে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় ধারাবাহিকতার অভাবে ভুগছেন। মহেন্দ্র সিং ধোনি চোটের কারণে মাঠের বাইরে। রবিবার তাঁর ফেরার আশায় বুক বাঁধছেন অনুরাগীরা। চেন্নাইয়ের বোলিংয়ে জেমি ওভারটন, মুকেশ চৌধুরী, অংশুল কাম্বোজরা আছেন। পাশাপাশি উল্লেখ করতে হবে আকিল হোসেনের কথা। গত ম্যাচে একাই চার উইকেট নিয়ে মুম্বইয়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন তিনি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও নজরে থাকবেন এই ক্যারিবিয়ান স্পিনার।
পক্ষান্তরে, গুজরাত টাইটান্সের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে সপ্তম স্থানে রয়েছেন গিলরা। শেষ দুই ম্যাচে মুম্বই ও আরসিবি’র কাছে হেরেছে গুজরাত। তাই রবিবার জয়ের হ্যাটট্রিক এড়াতে মরিয়া শুভমান গিলের দল। ব্যাটিংয়ে প্রধান ভরসা অবশ্যই ক্যাপ্টেন গিল। গত ম্যাচে শতরান হাঁকিয়েছিলেন সাই সুদর্শনও। তবে গুজরাতের মিডল অর্ডারে ওয়াশিংটন, হোল্ডাররা ধারাবাহিক নন। বোলিংয়ে রয়েছেন মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডা ও রশিদ খানের মত তারকা।