নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ফুলবাড়ির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরির ঘটনায় দোষীদের খোঁজে হোটেলগুলিতে তল্লাশি চালাচ্ছে পুলিস। ৮ ও ৯ জানুয়ারি কোন হোটেলে কারা বাইরে থেকে থাকতে এসেছিল, কবে তারা ঘর ছেড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে পরিচয়পত্রের জন্য দেওয়া নথির ছবি তুলে সিসিটিভি ফুটেজের ছবির সঙ্গে মেলানোর চেষ্টা চলছে। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ফুলবাড়ির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরির ঘটনার জন্য দায়ী দুষ্কৃতীদের নাগাল পায়নি পুলিস। সিসিটিভি ফুটেজ দেখেও দুই দুষ্কৃতীর খোঁজ মেলেনি। বিভিন্ন এলাকার স্থানীয় দুষ্কৃতীদের বারবার জেরা করেও মিলছে না সূত্র। কাজেই বাইরে থেকে কোনও দুষ্কতী দল শহরে ঘাঁটি গেড়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিস।
Advertisement
চলতি সপ্তাহের প্রথমদিন ফুলবাড়ি মোড়ের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তালা খুলতেই দেখা যায় চুরির ঘটনা ঘটেছে। খোঁজ নিয়ে জানা যায়, চারটি মনিটর, সাতটি বায়োমেট্রিক মেশিন ও একটি ট্যাবলেট নিয়ে পালিয়েছে দুই দুষ্কৃতী। টানা দুদিন ব্যাঙ্ক বন্ধ থাকার সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটায়। চুরির ধরণ দেখে পুলিস প্রাথমিকভাবে ধারণা করে, স্থানীয় দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে। তবে বারবার নজরদারি চালিয়ে একাধিক দুষ্কৃতীকে জেরা করেও সেই ধরনের কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। এরপরেই বাইরের দুষ্কৃতীর খোঁজ শুরু করেছে পুলিস। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। একাধিক দিক খতিয়ে তদন্ত করা হচ্ছে।



