সংবাদদাতা, গঙ্গারামপুর: নামেই ওপিডি’র টিকিটের ডিজিটাল পরিষেবা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েই টিকিট কাটছেন সিংহভাগ রোগী। জেলা ও মহকুমা হাসপাতালে ওপিডি টিকিট কাটতে দীর্ঘক্ষণ লাইনে যাতে দাঁড়াতে না হয়, তার জন্য ওপিডি টিকিটের ডিজিটাল পরিষেবা চালু হয়েছে দীর্ঘদিন হল। সচেতনতার অভাবে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ওপিডির টিকিট কাটতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যাচ্ছে রোগী ও পরিজনদের। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দাস বলেন, এই হাসপাতালে ইন্ডোর ও আউটডোরে রোগীর চাপ বেশি থাকে। সেক্ষেত্রে ওপিডি টিকিট কাউন্টারে লম্বা লাইন পড়ে। কাউন্টার বাড়ানো যায় কি না, তা আমরা দেখছি। ডাক্তার দেখাতে টিকিট কাটার জন্য অনলাইন পরিষেবা চালু হলেও তাতে মুখ ফিরিয়ে নিচ্ছেন রোগীরা। এমনটাই দাবি রোগীর পরিজনের। কারণ, তাঁদের দাবি, অনলাইনে ওপিডির টিকিট কেটে তা প্রিন্ট করতে হচ্ছে কোনও দোকান থেকে। অথবা সেই ওপিডির লাইনে দাঁড়িয়ে ২ টাকা জমা দিয়ে বুকিং নম্বর বলে টিকিট প্রিন্ট করতে হচ্ছে। এতে অনলাইনে টিকিট না কেটে লাইনে দাঁড়িয়েই টিকিট কাটছেন রোগী ও তাঁর পরিজনরা।



