Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

টানা বৃষ্টিতে জলে থই থই গাজোল সদর, দুর্ভোগ

শুক্রবার সকালে টানা বৃষ্টিতে মালদহের গাজোল সদর এলাকা জল থই থই হয়ে রইল। বিশেষ করে ওই ব্লকের বিদ্রোহী থেকে থানা মোড়, ভিতর বাজার হয়ে করলাভিটা, বামনগোলা সহ বিভিন্ন মোড়ে জল জমে থাকে

টানা বৃষ্টিতে জলে থই থই গাজোল সদর, দুর্ভোগ
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: শুক্রবার সকালে টানা বৃষ্টিতে মালদহের গাজোল সদর এলাকা জল থই থই হয়ে রইল। বিশেষ করে ওই ব্লকের বিদ্রোহী থেকে থানা মোড়, ভিতর বাজার হয়ে করলাভিটা, বামনগোলা সহ বিভিন্ন মোড়ে জল জমে থাকে। অনেকের দোকানে জল ঢুকে যায়। জলমগ্ন ওই গুরুত্বপূর্ণ রাস্তায় চলতে গিয়ে বাইক, অটোচালক সহ পথচারীদের পদে পদে ভোগান্তি পোহাতে হয়। এনিয়ে ভুক্তভোগীরা অসন্তোষ প্রকাশ করেছেন। বৃষ্টির জল বের করা নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মধ্যে তরজা শুরু হয়েছে। তবে সাধারণ মানুষ সুষ্ঠু নিকাশি ব্যবস্থার দাবি জানিয়েছে। 

Advertisement

গাজোলের বাসিন্দা আলোক বর্মন বলেন, এখনও বর্ষা আসেনি। তাতেই এমন অবস্থা। বর্ষা পুরো নামলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। গাজোলে জল জমার সমস্যা দীর্ঘদিনের। এর স্থায়ী সমাধান প্রয়োজন। গাজোল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি অসিত প্রসাদ বলেন, নিকাশি ব্যবস্থা খুবই খারাপ। গাজোলের প্রাণকেন্দ্র থেকে ভিতর বাজার জল থই থই অবস্থা। বেশকিছু জায়গায় নিকাশিনালা উঁচু, রাস্তা তার চেয়ে নিচু। অনেকে দোকানে জল ঢুকে যাচ্ছে। কারও হেলদোল নেই। এটা দেখা উচিত। গাজোল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান প্রদ্যুৎ কুমার সর্দার বলেন, আমরা বর্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কিছু নিকাশিনালা পরিষ্কার শুরু হয়েছে। আচমকা ভারী বৃষ্টি হওয়ায় জল জমে গিয়েছে। পরিকল্পনা অনুযায়ী আর্থমুভার দিয়ে নিকাশিনালা পরিষ্কার করা হবে। আমাদের পঞ্চায়েত ফান্ড দিয়ে গোটা এলাকায় সুষ্ঠু জল নিকাশি সম্ভব নয়। মালদহ জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিকে বিষয়টি দেখতে হবে। গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল কংগ্রেসের মোজাম্মেল হোসেন অবশ্য পঞ্চায়েতের ব্যর্থতা দিকেই অভিযোগ তুলেছেন। তিনি বলেন, এর আগে আমরা নিলাশিনালা পরিষ্কারের কাজ করেছিলাম। গ্রাম পঞ্চায়েতের নজর নেই। জল জমার ক্ষেত্রে পঞ্চায়েত দায়ী। তারা ট্যাক্স নেয়। নিকাশিনালা পরিষ্কার না হওয়ার ফলে জল উপচে পড়ছে। সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ