নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নারকেলডাঙ্গায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় দীর্ঘ চার বছর পর আট পলাতকের মধ্যে এক অভিযুক্ত সিবিআইয়ের জালে ধরা পড়ল। নারকেলডাঙা থানার জয়নারায়ণ তর্ক লেনের বাসিন্দা ওই যুবকের নাম অমিত দাস ওরফে নারু। মঙ্গলবার রাতে কেষ্টপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিবিআই সূত্রে জানা গিয়েছে, পলাতক অমিত এক সংস্থার হয়ে খাবার ডেলিভারির কাজ করছিলেন। কেষ্টপুর থেকে নিউটাউন পর্যন্ত ছিল তার কর্মক্ষেত্র। সোর্স মারফৎ সে খবর জানতে পেরে অবশেষে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। এই হত্যা মামলায় এখনও সাতজন ‘পলাতক’ রয়েছে। আদালত ইতিমধ্যেই প্রত্যেকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই খুনের মামলায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করতে পারল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারর বিশেষ অপরাধ দমন শাখা এই মামলায় ফেরার ব্যক্তিদের সন্ধান দিলে মাথা পিছু ৫০ হাজার টাকা পুরস্কারের কথা সরকারিভাবে ঘোষণা করেছিল। ধৃত অমিত দাসকে বুধবার কলকাতার বিচারভবনের বিশেষ আদালতের বিচারক রোহন সিনহার এজলাসে হাজির করা হয়। বিচারক তাকে ২১ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। সিবিআইয়ের তরফে ধৃতকে জেলে গিয়ে জেরা করার আর্জি জানানো হয়। বিচারক তা মঞ্জুর করেন।



