Bartaman Logo
১০ জুন, ২০২৬

‘নম্বর নয়, জীবনে উন্নতির উপরে মনোনিবেশ করো’, বার্তা মোদির

‘সকলের উপদেশ শোনো। তবে যখন নিজে মন থেকে চাইবে, শুধুমাত্র তখনই জীবনযাত্রার ধরন পরিবর্তন করবে। পড়াশোনা যেন বোঝা না হয়ে দাঁড়ায়।

‘নম্বর নয়, জীবনে উন্নতির উপরে মনোনিবেশ করো’, বার্তা মোদির
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘সকলের উপদেশ শোনো। তবে যখন নিজে মন থেকে চাইবে, শুধুমাত্র তখনই জীবনযাত্রার ধরন পরিবর্তন করবে। পড়াশোনা যেন বোঝা না হয়ে দাঁড়ায়। শুধুমাত্র পরীক্ষার নম্বরের উপর মনোনিবেশ করবে না। ব্যক্তি জীবনের উন্নতির উপর গুরুত্ব দাও। একটা কথা মাথায় রাখতে হবে, পরীক্ষা উৎসবের মতো। উদযাপন করো।’ শুক্রবার পরীক্ষা পে চর্চার অনুষ্ঠানে পড়ুয়াদের উদ্দেশে এমনই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছাত্র-ছাত্রীদের প্রতি তাঁর বার্তা, যে কোনো পরিস্থিতিতে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে। তারপর একাগ্র মনে বিষয়গুলি পড়তে হবে। তাহলেই সফল হবে। প্রযুক্তির থেকে বড় শিক্ষক আর নেই। এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) আমাদের ক্ষমতা এবং যোগ্যতা বৃদ্ধি করে। কিন্তু এআইকে বুদ্ধিমত্তার সঙ্গে গ্রহণ করতে হবে।

Advertisement

সম্প্রতি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ন’তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে স্কুলপড়ুয়া তিন বোন। তদন্তে এখনও পর্যন্ত উঠে এসেছে, চরম মোবাইল আসক্তির জেরেই এহেন ঘটনা ঘটেছে। মোবাইল গেমিংয়ে কোনো ‘টাস্ক’ পূরণ করতেই তিনজন আত্মহত্যা করেছে। এবিষয়ে সমাজের সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঠিক তখনই নবম ‘পরীক্ষা পে চর্চা’য় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর এহেন বার্তাকে স্বাভাবিকভাবেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে শিক্ষা বিশেষজ্ঞ মহল।

Advertisement
সম্পর্কিত সংবাদ