Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

থামল লড়াই, প্রয়াত মহম্মদ আলির চ্যালেঞ্জার ফোরম্যান

প্রয়াত জর্জ ফোরম্যান। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন কিংবদন্তি বক্সার। শুক্রবার ৭৬ বছর বয়সি প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নের সব লড়াই শেষ।

থামল লড়াই, প্রয়াত মহম্মদ আলির চ্যালেঞ্জার ফোরম্যান
  • ২৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

টেক্সাস: প্রয়াত জর্জ ফোরম্যান। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন কিংবদন্তি বক্সার। শুক্রবার ৭৬ বছর বয়সি প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নের সব লড়াই শেষ। তাঁর পরিবারের তরফে সোশ্যাল সাইটে শোকবার্তা প্রকাশ করা হয়। হেভিওয়েট বক্সিংয়ে মহম্মদ আলির চ্যালেঞ্জার ছিলেন ফোরম্যান। ১৯৭৪ সালের ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’ ঐতিহাসিক ডুয়েল। সেই লড়াইয়ে আলির কাছে হার মানতে হয় ফোরম্যানকে। ২০১৬ সালে জীবনের রিং থেকে বিদায় নিয়েছেন আলি। এবার চলে গেলেন ফোরম্যানও। পেশাদার বক্সিংয়ে একটা পরিচ্ছদের পরিসমাপ্তি।

Advertisement

১৯৪৯ সালের ১০ জানুয়ারি আমেরিকার টেক্সাসে জন্মগ্রহন করেন ফোরম্যান। শৈশবে নিত্যসঙ্গী ছিল দারিদ্র্য। তবুও দমানো যায়নি তাঁকে। মেক্সিকো ওলিম্পিকসে (১৯৬৮) হেভিওয়েট বক্সিংয়ে সোনা জিতে রাতারাতি পাদপ্রদীপের আলোয় চলে আসেন ফোরম্যান। এর পাঁচ বছর পর জো ফ্রেজিয়ারকে বশ মানিয়ে পেশাদার বক্সিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন হন বিগ জর্জ। তবে মহম্মদ আলির কাছে হেরে হাতছাড়া হয় খেতাব। তাতেও হাল ছাড়েননি ফোরম্যান। অনেকেই ধরে নিয়েছিলেন ফোরম্যানের পক্ষে প্রত্যাবর্তন অসম্ভব। কিন্তু তাঁদের ভুল প্রমাণিত করে ফের বিশ্বসেরার তাজ ছিনিয়ে নেন তিনি। ১৯৯৪ সালে মাইকেল মুরারকে পরাস্ত করার সময় ফোরম্যানের বয়স ছিল ৪৫। শেষপর্যন্ত ১৯৯৭ সালে অবসর নেন ফোরম্যান। ম্যারাথন কেরিয়ারে ৮১ ম্যাচে ৭৬টি জয় পেয়েছেন ফোরম্যান। জোরালো পাঞ্চ আর অবিশ্বাস্য কামব্যাকের জন্যই তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন বক্সিং দুনিয়ায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ