নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাসিমুখে সুদৃশ্য কেক কাটছে বৈভব সূর্যবংশী। গলায় ঢাউস মালা। জয়ধ্বনির শব্দে কানে তালা লাগার জোগাড়। যত্ন করে সোশ্যাল সাইটে এই ভিডিও আপলোড করেছে রাজস্থান রয়্যালস। আসলে ১৪ বছরের বৈভবই বিহারের তাজপুর গ্রামের নায়ক। ঘরের ছেলের প্রত্যাবর্তনের দিনে প্রায় পুরো এলাকা নেমে এসেছিল রাস্তায়। উৎসবের বান ডেকেছে প্রত্যন্ত গ্রামে। রাজস্থান রয়্যালসের অন্দরেও বাড়তি গুরুত্ব পাচ্ছে বৈভব। এমনকী খুঁতখুঁতে রাহুল দ্রাবিড়ও কিশোর তারকাকে নিয়ে দারুণ আশাবাদী। রয়্যালস কোচ বলেছেন, ‘উন্নতির ক্ষেত্রে কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই। আত্মতুষ্টি দূরে সরিয়ে ওকে এগিয়ে যেতে হবে। আগামী মরশুমে আরও ঝকঝকে বৈভবকে দেখতে চাই।’ বিশেষজ্ঞদের ধারণা, বৈভবের কেরিয়ারে টার্নিং পয়েন্ট হতে পারে দ্রাবিড়ের উপস্থিতি। তারকা গড়ার রসায়ন তাঁর চেয়ে ভালো ক’জনই বা জানেন?



