নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কৃষক আন্দোলনের জেরে ফের উত্তপ্ত হয়ে ওঠে পাঞ্জাব সীমান্ত। বুধবার দেশবাসী সাক্ষী থাকে আন্দোলনকারী কৃষকদের উপর লাঠিচার্জ, বুলডোজার নামানোসহ একাধিক ‘অমানবিক’ পদক্ষেপের। বৃহস্পতিবার তারই তীব্র নিন্দা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘কৃষকরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গেলেও তাঁদের কথা কেউ ভাবছে না। গুলি চালিয়ে, লাঠিচার্জ করে কৃষকদের দাবিকে দমন করা যাবে না।’
বুধবার রাতেই আন্দোলনরত কৃষক নেতাদের গ্রেপ্তার করার পাশাপাশি মাঝরাতে বুলডোজার নামিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় কৃষকদের অস্থায়ী শিবির। এরই পরিপ্রেক্ষিতে মমতা এদিন বলেন, ‘এসব করে কোনও সমস্যার সমাধান হবে না। শান্তিপূর্ণ আলোচনাই একমাত্র পথ। ফলে কৃষকদের দাবি গুরুত্ব দিয়ে দেখা উচিত। আনেকদিন কেটে গেলেও, কেন্দ্র তাঁদের দাবি নিয়ে কোনও ইতিবাচক পদক্ষেপই নিচ্ছে না।’ কৃষকদের উপর অত্যাচার প্রসঙ্গে কথা বলতে গিয়েই মমতার কথায় উঠে আসে মণিপুরের পরিস্থিতিও। কেন্দ্রকে কটাক্ষ করে তিনি বলেন, ‘দেখছেন না মণিপুরে বলপ্রয়োগ করতে গিয়ে কী অবস্থা হয়েছে? আমি চাই সেখানে দ্রুত শান্তি ফিরে আসুক।’