Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শহরে হাতির হানা নিয়ে ‘ভুয়ো’ খবর

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাতির হানার খবরে আতঙ্ক ছিলই

শহরে হাতির হানা নিয়ে ‘ভুয়ো’ খবর
  • ২১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাতির হানার খবরে আতঙ্ক ছিলই। তবে রবিবার সকালে একাধিক এলাকায় হাতির হানার ‘ভুয়ো’ খবর ছড়িয়ে পড়ায় শহরবাসীর মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়। কোথাও বৈকণ্ঠপুর ডিভিশন আবার কোথাও কার্শিয়াং ডিভিশনে সকালে হাতির হানার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায় প্রচুর মানুষ হাতির সামনাসামনি পৌঁছে গিয়ে উৎপাত শুরু করেছে। বিভিন্ন জায়গায় এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায়। সাধারণ মানুষের মধ্যে শহরের বিভিন্ন প্রান্তে হাতির হানার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকী হাতি নিয়ে লোকমুখে নানান ধরনের কথা ঘুরতে শুরু করে। 

Advertisement

এদিকে, বিষয়টি নিয়ে বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করে সত্যতা যাচাই করতে গিয়েই জানা যায়, বৈকণ্ঠপুর ডিভিশনের খোলাচাঁদ ফাঁপড়ি বা মিলন মোড়ে হাতি বের হওয়ার খবর তাদের কাছে নেই। এমনকী ওসব এলাকায় হাতি বের হওয়ার কোনও খবরও তারা জানে না। স্বাভাবিকভাবেই ভিডিওগুলির সত্যতা বিচার করতে তৎপর হয়েছে বনদপ্তর। কে বা কারা কোন উদ্দেশ্যে এই ছড়িয়ে দিচ্ছে তাও খতিয়ে দেখছে বনদপ্তর। পুরনো ভিডিও ভাইরাল করে খবর করানো হয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। 
উল্লেখ্য, শনিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি হাতি ঢুকে পড়ে। দিনভর ওই হাতিটি তাড়াতে রীতিমতো কালঘাম ঝরান বনকর্মীরা। রবিবার ভোরবেলা হাতিটিকে কোনওমতে জঙ্গলে পাঠাতে সক্ষম হন বনকর্মীরা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় হাতি ঢুকে পড়ার খবর ছড়িয়ে পড়তেই শহরের একাধিক এলাকায় আতঙ্ক ছড়ায়। বাসিন্দারা চিন্তায় পড়েন। এরই মাঝে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে খোলাচাঁদ ফাঁপড়ি এবং মিলন মোড়ে এদিন সকালে হাতি বেরিয়েছে বলে দুই-তিনটি আলাদা ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে রীতিমতো চিন্তায় পড়েন বাসিন্দাদের একাংশ। জঙ্গলের জন্তুজানোয়ার শহরের আনাচেকানাচে ঢুকে পড়ায় আতঙ্ক আরও বেড়ে যায়। 
যদিও এই ধরনের কোনও ঘটনা ঘটেনি বলে বনদপ্তরের শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন। বনদপ্তরের কার্শিয়াংয়ের ডিএফও দেবেশ পান্ডে জানান, মিলন মোড়ে হাতি বের হওয়ার কোনও খবর তাঁদের কাছে নেই। এই ধরনের ঘটনা ঘটলে অবশ্যই খবর তাঁদের কাছে আসে। তবে ভিডিওটি’র সত্যতা বিচার করা হচ্ছে। একই সুরে বৈকুণ্ঠপুরের ডিএফও রাজা এম জানিয়েছেন, খোলাচাঁদ ফাঁপড়িতে কোনও হাতি বের হওয়ার খবর তাঁদের কাছে নেই। কে বা কারা কেন ওই ধরনের ভিডিও ছড়িয়েছে তা দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ