Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নোয়াপাড়ায় প্রাক্তন সেনা জওয়ানের নামও ভোটার তালিকা থেকে বাদ! বাড়ছে উদ্বেগ

নোয়াপাড়া বিধানসভার ৪ নম্বর ওয়ার্ডের দেবীতলা এলাকার বাসিন্দা প্রাক্তন সেনা জওয়ান সুজয় রায়ের নাম নেই ভোটার তালিকায়। যা দেখে তিনি হতবাক।

নোয়াপাড়ায় প্রাক্তন সেনা জওয়ানের নামও ভোটার তালিকা থেকে বাদ! বাড়ছে উদ্বেগ
  • ২৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নোয়াপাড়া বিধানসভার ৪ নম্বর ওয়ার্ডের দেবীতলা এলাকার বাসিন্দা প্রাক্তন সেনা জওয়ান সুজয় রায়ের নাম নেই ভোটার তালিকায়। যা দেখে তিনি হতবাক। সমস্ত নথি জমা দেওয়ার পরও সাপ্লিমেন্টারি তালিকায় তাঁর নাম না ওঠায় তিনি উদ্বিগ্ন। তিনি বলেন, ২৮ বছর দেশের জন্য লড়াই করেছি, এখন নিজেকে নাগরিক হিসেবে প্রমাণ করতে হবে? এর চেয়ে দুর্ভাগ্যের আর কী হতে পারে! এসআইআর চালু হওয়ার পর খসড়া ভোটার তালিকায় দেখি, আমার নাম বাদ গিয়েছে। তারপর নতুন করে আইডেন্টিটি কার্ড, পিপিও (পেনশনের নথিপত্র) সহ সমস্ত নথি বিএলও এবং ইআরওকে জমা দিয়েছিলাম, তবু কেন নাম উঠল না, বুঝতে পারছি না। এ নিয়ে দুশ্চিন্তায় সুজয়বাবু। তাঁর একটাই চিন্তা, এবার বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারব তো? তিনি আক্ষেপ করে বলেন, এক সময় দেশের জন্য লড়াই করেছি। ২০০৪ সাল থেকে ভোটার তালিকায় নাম আছে। কিন্তু এবারই নাম নেই। অদ্ভুত ব্যাপার। প্রাক্তন সেনাকর্মীর ভোটার তালিকায় নাম না থাকার ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিএলও চন্দ্রপ্রভা মণ্ডল। তিনি বলেন, শুধু সুজয়বাবু নয়, আমি এমন বহু ভোটারের পর্যাপ্ত নথি নির্বাচন কমিশনের পোর্টালে নথিভুক্ত করেছি। কিন্তু তারপরেও কেন তাঁদের নাম তালিকায় এল না, তা বলতে পারব না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ