Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নৈহাটিতে ইভটিজিং, প্রতিবাদ করায় ধাওয়া করে শ্লীলতাহানি ও মারধর

বাইকে সওয়ার তরুণী ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তাঁকে ধাওয়া করে শ্লীলতাহানি করা হয়েছে।

নৈহাটিতে ইভটিজিং, প্রতিবাদ করায় ধাওয়া করে শ্লীলতাহানি ও মারধর
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাইকে সওয়ার তরুণী ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তাঁকে ধাওয়া করে শ্লীলতাহানি করা হয়েছে। এমনই অভিযোগ বাইক-রোমিওদের বিরুদ্ধে। অভিযোগ, তরুণীকে বাঁচাতে এলে বন্ধুদের বেধড়ক মারধর করে রোমিওর দল।  মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নৈহাটি বিজয়নগরে। ইভটিজারদের অভিযোগ, তাদের পাল্টা মেরেছে তরুণীর বন্ধুরা। তাতে তাদেরও একজন আহত হয়েছে। তদন্ত শুরু করেছে নৈহাটি থানা। অভিযোগকারিণী তরুণী তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে বাইকে করে রাত সাড়ে ন’টা নাগাদ যাচ্ছিলেন। অন্য একটি বাইকে ছিলেন তাঁর বোন। অভিযোগে ওই তরুণী জানিয়েছেন, তাঁরা নিজেদের মধ্যে কথা বলতে বলতে যাচ্ছিলেন। হঠাৎই তিনটি বাইক তাঁদের কাছাকাছি এসে পড়ে। তিনটি বাইকে ছয়জন যুবক ছিল। তরুণীর দাবি, তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা কুৎসিত কথাবার্তা বলে এবং অশ্লীল অঙ্গভঙ্গি করে। তিনি এর  প্রতিবাদ করেন। এরপরই তাঁরা বাইক নিয়ে অনেকটা এগিয়ে যান। সঙ্গে সঙ্গে বাইকে থাকা রোমিওর দল পিছু ধাওয়া করে তাঁদের ধরে ফেলে। রাস্তা আটকানো হয়, যাতে তাঁরা বেরতে না পারেন। প্রতিবাদ করলে প্রথমে থাপ্পড় মারা হয় বলে অভিযোগ। এরপর ওই যুবকরা তাঁর শ্লীলতাহানি করে বলে দাবি। এরপরই বাইকে থাকা তাঁর বন্ধু ও বোনের বন্ধুরা তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন। তখন তাঁদেরও উপর চড়াও হয় বাইকে থাকা দুষ্কৃতীরা। অভিযোগ, তাঁদেরও বেধড়ক মারধর করা হয়। কোনওক্রমে বাঁচেন সকলে। তরুণীর দাবি, অভিযুক্তদের কাউকেই তিনি চেনেন না। নৈহাটি থানায় অভিযোগ করলে পুলিস মারধর শ্লীলতাহানি সহ একাধিক ধারায় মামলা রুজু করে। বাইকে থাকা অভিযুক্তদের দাবি, তাদেরও মারধর করা হয়েছে। টালি দিয়ে মেরে একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। সে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে চিকিৎসাধীন। দু’পক্ষ থেকেই থানায় মামলা করা হয়েছে। তরুণীর বয়ফ্রেন্ডকে পুলিস গ্রেপ্তার করেছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ