নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রোগীদের কাফ সিরাপ প্রেসক্রাইব করা নিয়ে হাসপাতাল অধিকর্তাদের সতর্ক করল শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী রাজ্য বিমা নিগম (ইএসআইসি)। কী ওষুধ দিচ্ছেন, প্রেসক্রাইব করার আগে ভালোভাবে বিবেচনা করুন। কোনওমতেই যেন রোগীর জীবন সংশয়ের কারণ না হয়ে দাঁড়ায়। বুধবারই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইএসআইসির পক্ষ থেকে। সম্প্রতি মধ্যপ্রদেশে কাফ সিরাপের বলি হয়েছে বেশ কয়েকজন শিশু। তারপর থেকেই দেশজুড়ে এই ব্যাপারে কড়াকড়ি শুরু হয়েছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত ইস্যুতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ড্রাগ কন্ট্রোলারদের কাছে চিঠিও পাঠিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। ওষুধ তৈরির কাঁচামাল এবং উৎপাদন প্রক্রিয়ার উপর কড়া নজরদারির নির্দেশিকা দেওয়া হয়েছে।



