সংবাদদাতা, কল্যাণী: বিরল ও অত্যন্ত জটিল অস্ত্রোপচারে বড়োসড়ো সাফল্য পেল কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস)। মস্তিষ্কে বিশাল আকারের টিউমার নিয়ে হাসপাতালে এসেছিলেন ২৬ বছরের এক যুবক। ২.৯ কেজি ওজনের সেই টিউমার সফলভাবে অস্ত্রোপচার করে তা বাদ দিলেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের সময় প্রচুর রক্তক্ষরণ হলেও নিউরোসার্জারি ও অ্যানাস্থেশিয়া বিভাগের চিকিৎসকদের তৎপরতায় প্রাণে বাঁচেন ওই যুবক। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং নিজে হাঁটাচলা করতে পারছেন, দাবি চিকিৎসদের।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত সাত মাস ধরে আয়তনে দ্রুত বাড়ছিল টিউমারটি। বিহারের কাটিয়ার বাসিন্দা সোনাই মণ্ডলের মস্তিষ্কের মধ্যে ছিল সেটি। অস্ত্রোপচারের আগে পরীক্ষা করে দেখা যায়, প্রায় তিন কেজি ওজনের টিউমারটি খুলির পাশাপাশি মস্তিষ্কের বাঁ দিকে প্যারাইটাল-অক্সিপিটাল অংশকেও দখল করে ফেলেছে। এমনকি, মস্তিষ্কের গুরুত্বপূর্ণ শিরা-উপশিরা ঢাকা পড়েছে টিউমারে। গত ২২ সেপ্টেম্বর অস্ত্রোপচার হয়। প্রায় পৌঁনে ৬ ঘণ্টা ধরে অপারেশন চলে। সব মিলিয়ে ১৮ ইউনিট রক্ত, ১২ ইউনিট প্লাজমা এবং ১১ ইউনিট প্লেটলেট দিতে হয় রোগীকে। পরীক্ষায় জানা যায়, সেটি ম্যালিগন্যান্ট পেরিফেরাল নার্ভ শিথ টিউমার। ১৪ অক্টোবর ফের খুলির ত্রুটি মেরামত এবং ক্ষতস্থান পুনর্গঠনের জন্য আরও একবার অস্ত্রোপচার করা হয়। ডাঃ শাশ্বতকুমার দণ্ডবত, ডাঃ সৌরভ চৌধুরী ও ডাঃ কৌস্তভ সাহা সহ একটি চিকিৎসক দলের সম্মিলিত প্রচেষ্টায় বর্তমানে যুবকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগামী দিনে তাঁকে কেমোথেরাপি ও রেডিওথেরাপি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে এইমস সূত্রে জানা গিয়েছে। অস্ত্রোপচারের পর। -নিজস্ব চিত্র



