Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

চিকিৎসা পরিষেবা নিয়ে অভিযোগ জানাতে এবার আসছে ‘কিউআর’ কোড, সিদ্ধান্ত ইএসআইসি’র

চিকিৎসা পরিষেবা নিয়ে একের পর এক অভিযোগ উঠছে। কাঠগড়ায় উঠছে বিভিন্ন ইএসআই হাসপাতালের বহির্বিভাগের পরিকাঠামো।

চিকিৎসা পরিষেবা নিয়ে অভিযোগ জানাতে এবার আসছে ‘কিউআর’ কোড, সিদ্ধান্ত ইএসআইসি’র
  • ২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চিকিৎসা পরিষেবা নিয়ে একের পর এক অভিযোগ উঠছে। কাঠগড়ায় উঠছে বিভিন্ন ইএসআই হাসপাতালের বহির্বিভাগের পরিকাঠামো। একাধিক ক্ষেত্রে সমালোচনা হচ্ছে ইএসআই হাসপাতালে চিকিৎসকদের ভূমিকা নিয়েও। সব মিলিয়ে ইএসআই পরিষেবা নিয়ে রীতিমতো ব্যাকফুটে মোদি সরকার। এই পরিস্থিতিতে তাই ইএসআই গ্রাহকদের জন্য এবার কেন্দ্রীয় স্তরে অভিযোগ জানানোর ব্যবস্থা করছে সরকার। কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে মুহূর্তের মধ্যেই ইএসআই পরিষেবা সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানাতে পারবেন সংশ্লিষ্ট গ্রাহকরা। তা সরাসরি পৌঁছে যাবে দিল্লিতে ইএসআইসির সদর কার্যালয়ে। এমনই সিদ্ধান্ত নিয়েছে শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী রাজ্য বিমা নিগম (ইএসআইসি)। 

Advertisement

ইতিমধ্যে এসংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ইএসআইসি। নিগমের সমস্ত আঞ্চলিক অধিকর্তাকে এব্যাপারে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে। ইএসআই হাসপাতালের সুপারদেরও এবিষয়ে জরুরি পদক্ষেপ করতে বলা হয়েছে। কর্মচারী রাজ্য বিমা নিগম জানিয়েছে, ইএসআই হাসপাতালের পাশাপাশি ডিসপেনসারির ক্ষেত্রেও একইভাবে অভিযোগ বা কোনো পরামর্শ জানাতে পারবেন গ্রাহকরা। ইএসআইসি জানিয়েছে, কিউআর কোডটি হাসপাতাল, ডিসপেনসারির বিভিন্ন জায়গায় বিজ্ঞাপিত হবে। মোবাইল ফোনের মাধ্যমে তা স্ক্যান করে অভিযোগ কিংবা পরামর্শ জানানো যাবে। 
তবে এই পদ্ধতিতে ফিডব্যাক দেওয়ার সময় নিজের আইপি নম্বর (অর্থাৎ, ইনসিওর্ড পার্সন নম্বর) ব্যবহার করতে হবে গ্রাহককে। এরপর নিজেদের অভিজ্ঞতার ‘রেটিং’ করে সাবমিট করলেও যথাযথ স্থানে তা পৌঁছে যাবে মুহূর্তের মধ্যে। যদিও অনেক গ্রাহকই নিজের নাম, পরিচয় গোপন রেখে অভিযোগ জানাতে চান। সেক্ষেত্রে আইপি নম্বর দিয়ে দিলে তা শেষ পর্যন্ত গোপন থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন থাকছে। পরিচয় প্রকাশ্যে চলে আসার আশঙ্কা থাকলে ইএসআই গ্রাহকদের একটি বড়ো অংশ এতে কতটা উৎসাহী হবেন, তা নিয়েও সংশয় রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ