Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

৫ এপ্রিল রেল অবরোধের ডাক নলহাটি নাগরিক মঞ্চের, প্রচার সোশ্যাল মিডিয়ায়

৫ এপ্রিল রেল অবরোধের ডাক নলহাটি নাগরিক মঞ্চের, প্রচার সোশ্যাল মিডিয়ায়
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: দাবি মানা দূর কি বাত, উল্টে হাওড়ায় ডিআরএম লেভেলের মিটিংয়ে অপমানিত হয়ে বৈঠকের মাঝপথে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলেন বিধায়ক সহ নলহাটি নাগরিক মঞ্চের সদস্যরা। ওইদিনই দাবি আদায়ে কয়েক হাজার মানুষকে একত্রিত করে রেল অবরোধে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন মঞ্চের সদস্যরা। সেই মতো আগামী ৫ এপ্রিল নলহাটিতে বড়সড় রেল অবরোধের ডাক দিল মঞ্চ। ইতিমধ্যে সোশাল মিডিয়ায় জোর প্রচার শুরু করেছে তারা। 
Advertisement
আপ ও ডাউন কাঞ্চনজঙ্ঘা, কুলিক ও ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপেজ, স্টেশনের উন্নয়ন ও করোনাকালে বন্ধ থাকা বারাণসী এক্সপ্রেস, বর্ধমান মালদা লোকাল, দানাপুর ফাস্ট প্যাসেঞ্জার, বারহাড়োয়া-শিয়ালদহ, বামদেব প্যাসেঞ্জার ও রামপুরহাট সাহেবগঞ্জ লোকাল চালুর দাবিতে আন্দোলন চালিয়ে আসছে নলহাটি নাগরিক মঞ্চ। গত দু’বছরে বেশ কয়েকবার অবরোধের ডাক দিয়ে রেল কর্তাদের আশ্বাসে পিছু হটতে হয়েছে তাদের। কিন্তু রেল দাবি পূরণ না করায় গত ১ ডিসেম্বর রেল অবরোধ করে নাগরিক মঞ্চ। যার জেরে ওই঩দিন বর্ধমান সাহেবগঞ্জ লুপ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। ওইদিন নলহাটিতে এডিআরএম এবং সিনিয়র ডিসিএম মঞ্চের সদস্যদের নিয়ে আলোচনায় বসেন। কিন্তু শুধুমাত্র ডাউন উত্তরবঙ্গের স্টপেজের মৌখিক আশ্বাস ছাড়া কোনও দাবি মানতে চাননি তাঁরা। ক্ষুব্ধ মঞ্চের সদস্যরা বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন। কিন্তু এখনও ডাউন উত্তরবঙ্গের স্টপেজ দেওয়া হয়নি। উল্টে রেল অবরোধ করায় মঞ্চের পদাধিকারীদের কেস দিয়েছে রেল। গত ১১ ফেব্রুয়ারি হাওড়ায় ডিআরএম লেভেলে মিটিংয়ে মঞ্চের সদস্যদের নিয়ে বৈঠক হয়। যদিও ডিআরএম অনুপস্থিত থেকেছেন। এডিআরএম এবং সিনিয়ার ডিভিশনাল অপারেশন ম্যানেজার মঞ্চের কোনও দাবিই মানতে চাননি। অভিযোগ, রেল কর্তারা বৈঠকে তাচ্ছিল্যের সুরে বলেন, আপনারা বন্দে ভারতকে দাঁড় করানোর চেষ্টা করুন। প্ল্যাটফর্ম উঠিয়ে ট্রেন যাওয়া বন্ধ করে দিন। বৈঠকে ডেকে এমনই নানা কথা বলায় মঞ্চের সদস্য থেকে এলাকার বিধায়ক রাজেন্দ্রপ্রসাদ সিং বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন। 
এরই মধ্যে এবার বড়সড় রেল অবরোধের ডাক দিলেন আন্দোলনকারীরা। মঞ্চের সহ সম্পাদক রাজেন্দ্র মিশ্র বলেন, দীর্ঘ বঞ্চনা ও নলহাটির মানুষকে অপমানের প্রতিবাদে আগামী ৫ এপ্রিল সকাল থেকে রেল অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা কেসকে ভয় পাই না। দাবি আদায় করেই ছাড়ব। ওই দিন আমরা যেভাবে অপমানিত হয়েছি, তাতে এডিআরএম লেভেলের কারও সঙ্গে আলোচনায় বসব না। হয় ডিআরএম, নতুবা জিএমকে আলোচনায় বসে দাবি পূরণে লিখিত আশ্বাস দিতে হবে। 
এদিকে সোশাল মিডিয়ায় রেল অবরোধ নিয়ে জোর প্রচার শুরু করে দিয়েছেন নলহাটিবাসী। দলমত নির্বিশেষে রেলের বঞ্চনার প্রতিবাদে ওইদিন লাইনে নেমে প্রতিবাদ জানানোর আবেদন জানানো হচ্ছে। রাজেন্দ্রবাবু বলেন, এখনও পর্যন্ত যা সাড়া মিলছে, তাতে ওইদিন হাজার সাতেক মানুষ রেল অবরোধে শামিল হবেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ