দেরাদুন: উত্তাল নদী। প্রবল জলস্রোতের মধ্যেই তারা সারি বেঁধে দাঁড়িয়ে। শুঁড় উঁচিয়ে জারি উদ্ধার কাজ। না, নিজেদের প্রাণের কোনও ভয় নেই। লক্ষ্য একটাই জলের তোড়ে ভেসে যাওয়া দলের খুদে সদস্যকে উদ্ধার। শেষমেশ খোহ নদীর বুক থেকে বিপন্ন শাবককে উদ্ধার করল হাতির দল। মঙ্গলবার সন্ধ্যায় এমনই দৃশ্যের সাক্ষী থাকল উত্তরাখণ্ডের পউড়ি জেলা। ইতিমধ্যেই সামনে এসেছে এই ঘটনার ভিডিও। অনেকেই বলছেন, আজকাল আশপাশে কেউ বিপদে পড়লেই পাশ কাটিয়ে পালায় মানুষজন। সান্ত্বনা মিললেও মেলে না সাহায্য। আর ঠিক সেখানেই আরও একবার জীবনের ‘সহজপাঠ’ শেখাল হাতির পাল।
এদিন সূর্যাস্তের সময় ল্যান্সডাউন বনবিভাগের দুগাড্ডা রেঞ্জের কাছে খোহ নদীতে জল খেতে নামে একদল হাতি। আর সেইসময় জলের তোড়ে ভেসে যায় এক হাতি শাবক। প্রাণের ভয়ে চিৎকার করতে থাকে। মুহূর্তেই তাকে বাঁচাতে নদীর দিকে ছুটে যায় সাত-আটটি হাতি। পরে তারাও চিৎকার শুরু করে। জঙ্গলের বাকি সঙ্গীদের বিপদ সংকেত দেওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলে পৌঁছয় আরও হাতি। এরপর এক এক করে নদীর মাঝে সারি বেঁধে দাঁড়িয়ে ওই শাবককে উদ্ধার করে। ঘটনার প্রত্যক্ষদর্শী এক স্থানীয় বাসিন্দার কথায়, ‘এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হলাম। ওই ছোট্ট হাতিকে বাঁচাতে প্রথম কয়েকটি হাতি জড়ো হয়। পরের মুহূর্তেই প্রায় ২৫-৩০টি হাতি মিলে আপ্রাণ চেষ্টা চালায় আর শাবকটিকে উদ্ধার করে। পরে ছোট্ট হাতিটিকে সঙ্গে নিয়ে পুলিন্দা জঙ্গলের দিকে রওনা দেয় তারা।’