নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভ্যাটের সামনে দাঁড়িয়েছিল পুরসভার একটি ব্যাটারিচালিত ভ্যান। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ভ্যাট থেকে আবর্জনা তোলার কাজ করছিলেন এক সাফাইকর্মী। ভ্যানটি দাঁড়িয়ে থাকলেও চাবি নিয়ে যাননি সাফাইকর্মী। আচমকা সেই ভ্যানে উঠে পড়েন মানসিক বিকারগ্রস্ত এক প্রৌঢ়। চাবি ঘুরিয়ে ভ্যান ছোটাতে শুরু করেন তিনি। ঠাকুমার হাত ধরে তখন স্কুলে যাচ্ছিল এক নাবালিকা। তাঁদের দু’জনকেই সজোরে ধাক্কা মারে পুরসভার ভ্যানটি। কাশীপুর থানা এলাকার গোপী মণ্ডল লেনে এই কাণ্ড ঘটে। মৃত্যু হয় বৃদ্ধার। পুলিস জানিয়েছে, মৃত বৃদ্ধার নাম এশা মুখোপাধ্যায় (৭৩)। জখম হয়েছে তাঁর নাতনি সৌমিলি মুখোপাধ্যায়। স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সৌমিলি। পুলিস ওই মানসিক বিকারগ্রস্ত প্রৌঢ়কে গ্রেপ্তার করে। ধৃতের নাম সুরিন্দর মিশ্র। তাঁর বাড়ি বউবাজার এলাকায়।



