ভুবনেশ্বর: কালাজাদু চর্চা করতেন। এই সন্দেহে ৬৫ বছর বয়সি এক ব্যক্তির শিরশ্ছেদ করা হল ওড়িশার কালাহান্ডি জেলায়। তারপর মৃতদেহ পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। বৃহস্পতিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, কালামপুরের দেইপুর গ্রামের বাসিন্দা ছিলেন রূপসিং মাঝি। সদ্য তাঁর মুণ্ডহীন দেহ উদ্ধার হয় পুকুর থেকে। মাথার খোঁজ চলছে। পুলিস জানিয়েছে, গত ১৮ মে রাতে খুন করা হয় তাঁকে। দু’দিন ধরে বাড়ি না ফেরায় গত ২০ মে থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন রূপসিংয়ের ভাই দুর্জন মাঝি। ২৩ মে দেইপুর পঞ্চায়েত অফিসের পিছনে রক্তের দাগ দেখতে পায় পুলিস। তদন্তে জানা যায়, রূপসিং নিখোঁজ হওয়ার পরই এক স্থানীয় যুবক গ্রাম ছেড়ে চলে যায়। পরে পুলিস গোয়া থেকে সন্দেহভাজন ২১ বছর বয়সি ওই যুবককে গ্রেপ্তার করে। জেরায় নিজের অপরাধ স্বীকার করে সে। জানায়, কালাজাদু করত রূপসিং। এই কারণে পঞ্চায়েত অফিস চত্বরে রূপসিংকে খুন করে অভিযুক্ত। যুবককে গ্রেপ্তার করা হয়েছে।



