Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মদ্যপ ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হাঁসুয়ার কোপ, গ্রেপ্তার বৃদ্ধ

নেশাগ্রস্ত ছেলে বাড়িতে রোজ অশান্তি করত। ধৈর্যের বাঁধ ভাঙায় রবিবার দুপুরে ছেলের মাথায় হাঁসুয়ার কোপ মেরে খুনের চেষ্টা করে বৃদ্ধ বাবা।

মদ্যপ ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হাঁসুয়ার কোপ, গ্রেপ্তার বৃদ্ধ
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: নেশাগ্রস্ত ছেলে বাড়িতে রোজ অশান্তি করত। ধৈর্যের বাঁধ ভাঙায় রবিবার দুপুরে ছেলের মাথায় হাঁসুয়ার কোপ মেরে খুনের চেষ্টা করে বৃদ্ধ বাবা। রহড়া ঠাকুর কলোনির এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। গুরুতর জখম প্রসেনজিৎ সাহাকে কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। অভিযুক্ত বৃদ্ধ তথা প্রসেনজিতের বাবা বিশ্বনাথ দাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। 

Advertisement

বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের ঠাকুর কলোনি এলাকার বাসিন্দা বিশ্বনাথ দাস। সত্তর বছর বয়সি বৃদ্ধ এলাকায় রিকশ চালিয়ে সংসার চালান। চল্লিশোর্ধ ছেলে প্রসেনজিৎ কোনও কাজ করে না। উলটে বাবার কষ্টার্জিত টাকা দিয়ে সে নেশা করত বলে অভিযোগ। শুধু তাই নয়, নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে বিস্তর ঝামেলাও করত। মাকেও একাধিকবার সে মারধর করেছে বলে অভিযোগ।
এনিয়ে বিশ্বনাথবাবুর ক্ষোভ ছিল। রবিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ প্রসেনজিৎ নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে আসে। এরপর তুমুল অশান্তি শুরু হয়। ওই সময় রিকশ চালিয়ে বাড়ি ফেরেন বিশ্বনাথবাবু। ছেলেকে ওই অবস্থায় দেখে তিনি তেলেবেগুনে জ্বলে ওঠেন। দু’-চার কথা বলতেই উলটে গুণধর ছেলে বাবাকে দেখে নেওয়ার হুমকি দেয়। অকথ্য ভাষায় গালিগালাজও করে বলে অভিযোগ। উত্তেজনার বশে বৃদ্ধ বাড়িতে থাকা হাঁসুয়া দিয়ে ছেলের মাথায় বেশ কয়েকবার কোপ মারেন।
 স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় প্রসেনজিতকে উদ্ধার করে কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রহড়া থানার পুলিশ। তাঁদের সামনে কান্নায় ভেঙে পড়েন বিশ্বনাথবাবু। সমস্ত ঘটনা জানান তিনি। পুলিশ বিশ্বনাথবাবুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। প্রতিবেশী সুমিত রায় বলেন, বৃদ্ধ বাবা রিকশ চালিয়ে সংসার চালান। ছেলে কিছুই করে না। বাবার টাকায় বসে বসে খায়। শুধু তাই নয়, মদ খেয়ে রোজ বাড়িতে ফিরে অশান্তি করে। এ নিয়ে প্রায়ই অশান্তি হত। 
এদিন একই কারণে ঝামেলা হওয়ায় বাবার সহ্যের সীমা ভেঙে যায়। তিনি হাঁসুয়া দিয়ে কোপ মারেন। পুলিশ জানিয়েছে, আইন অনুযায়ী বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্রটিও উদ্ধার হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ