Bartaman Logo
১০ জুন, ২০২৬

গুজরাতের আট পুরসভার ২ লক্ষ কোটির হিসেব বকেয়া

আর্থিক স্বচ্ছতা ও দায়বদ্ধতাকে থোড়াই কেয়ার! বছরের পর বছর অডিট হয়নি। সবমিলিয়ে গুজরাতের আট পুরসভার প্রায় ২ লক্ষ কোটি টাকার হিসেব জমা পড়েনি।

গুজরাতের আট পুরসভার ২ লক্ষ কোটির হিসেব বকেয়া
  • ১৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: আর্থিক স্বচ্ছতা ও দায়বদ্ধতাকে থোড়াই কেয়ার! বছরের পর বছর অডিট হয়নি। সবমিলিয়ে গুজরাতের আট পুরসভার প্রায় ২ লক্ষ কোটি টাকার হিসেব জমা পড়েনি। সম্প্রতি তথ্যের অধিকার আইনের জবাবে বিষয়টি সামনে এসেছে। এই ঘটনায় বিজেপি শাসিত এই রাজ্যে গাফিলতি ও অডিট নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছে বিরোধীরা। তারা বলেছে, অবিজেপি শাসিত রাজ্যে চুন থেকে পান খসলেই আর্থিক বেনিয়মের অভিযোগে সোচ্চার হয় গেরুয়া দল। বিভিন্ন প্রকল্পের টাকাও আটকে রাখে কেন্দ্র। কিন্তু গুজরাতের এই বেনিয়ম নিয়ে বিজেপির মুখে কুলপ কেন?

Advertisement

ডিরেক্টর অব দ্য লোকাল ফান্ড অ্যাকাউন্টসের অফিস থেকে প্রাপ্ত জবাব অনুসারে, ওই আটটি পুরসভা বছরের পর বছর তাদের খরচের কোনও অডিটই করেনি। সংশ্লিষ্ট পুরসভাগুলি হল আমেদাবাদ, গান্ধীনগর, রাজকোট,জামনগর, ভাবনগর, জুনাগড়, সুরাত ও ভদোদরা। তথ্য বলছে, আমেদাবাদ পুরসভা বার্ষিক বাজেট প্রায় ১২ হাজার কোটি টাকা। ২০১৭-১৮ সাল থেকে সেখানে কোনও অডিটই হয়নি। অর্থাৎ শুধু এই পুরসভার ৫০ হাজার কোটির বেশি টাকার হিসেব বকেয়া। একই অবস্থা সুরাত ও ভদোদরারও। অন্যান্যগুলিতে ৪ থেকে ৬ বছর অডিট হয়নি। সবমিলিয়ে হিসেব বকেয়া ২ লক্ষ কোটি টাকার। বিশেষজ্ঞদের মতে, এটিকে প্রযুক্তিগত ত্রুটি বলে দায় এড়ানো সম্ভব নয়। এধরনের ঘটনা বড়সড় প্রশাসনিক ব্যর্থতা। 
এই ঘটনায় গুজরাত সরকারকে বিঁধেছেন আরটিআই কর্মী তথা অধ্যাপক হেমন্তকুমার শাহ। তিনি বলেন, আগের অর্থবর্ষের অডিট রিপোর্ট জমা দিতেই হবে। তা নিয়ে জনপ্রতিনিধিরা আলোচনা করবেন। তার ভিত্তিকে নয়া নীতি-বিধি তৈরি হবে। গণতন্ত্রে এটাই নিয়ম। কিন্তু, বছরের পর বছর ধরে সেই কাজ না করলে বুঝতে হবে, প্রশাসনে কোনও স্বচ্ছ্বতা নেই। অনিয়ম মাথা চাড়া দিয়েছে। কোনও দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা কিনা, সেই প্রশ্নও উঠেছে।  প্রাক্তন আমলা ও আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, কোথাও সাত, কোথাও ৫ বছর ধরে অডিট হয়নি। এখন সেগুলি হিসেব করতে বসা বেশ জটিল ও রাজনৈতিকভাবেও বেশ সংবেদনশীল। তাই প্রকৃত তথ্য অনুসন্ধানে ক্যাগের তদন্ত ও সমস্ত তথ্য অবিলম্বে প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন তাঁরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ