ভারতের সবচেয়ে শিক্ষিত গ্রাম কোথায়? প্রশ্নটা করলে অনেকেই ভাবতে পারেন, বোধহয় কেরলের কোনও গ্রাম! কারণ, দেশে শিক্ষার হার সবচেয়ে বেশি এই রাজ্যেই। মিজোরামের কথাও মনে হতে পারে। কেরলের পর দেশের মধ্যে শিক্ষার হার উত্তর-পূর্বের এই রাজ্যে সবচেয়ে বেশি। কিন্তু দেশের সবচেয়ে শিক্ষিত গ্রাম কেরল-মিজোরামের কোথাও নেই। ভারতে রয়েছে প্রায় সাড়ে ৬ লক্ষ গ্রাম। সেগুলির মধ্যে শিক্ষার হার সবচেয়ে বেশি উত্তরপ্রদেশের আলিগড় জেলার ধোরা মাফি গ্রামে। শিক্ষার হারে পশ্চাদপদ রাজ্যগুলির মধ্যে অন্যতম যোগী আদিত্যনাথের রাজ্য। আর সেখানকার এক গ্রামই পিছনে ফেলে দিয়েছে বাকি সকলকে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের খুব কাছেই ধোরা মাফি। এই গ্রামের শিক্ষার হার প্রায় ৯০ শতাংশ। শুধু ভারত কেন, গোটা এশিয়া মহাদেশের নিরিখেও এই গ্রাম শিক্ষার হারে একেবারে উপরের দিকে। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে লিমকা বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম উঠেছে ধোরা মাফির। শেষ জনগণনা অনুযায়ী, এই গ্রামে জনসংখ্যা ছিল ১৪ হাজার। তবে নিয়মিত বসবাসকারীর সংখ্যা প্রায় ১১ হাজার। না, বাকিরা পরিযায়ী শ্রমিক নন, তাঁরা আইপিএস, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, চিকিৎসক কিংবা সরকারি ও বেসরকারি উচ্চপদে কর্মরত। কাজের সূত্রেই তাঁরা গ্রামের বাইরে। আর একটু ভেঙে বললে ছবিটা পরিষ্কার হবে। এই গ্রামের ৮০ শতাংশ পরিবারের অন্তত একজন সদস্য উঁচু পদে চাকরি করেন। এছাড়াও রয়েছেন পড়ুয়ারা। ধোরা মাফিতে রয়েছে ইংরেজি মাধ্যম স্কুল। এখানকার কলেজে ২৪ ঘণ্টার বিদ্যুৎ ও জলের সংযোগ সহ সমস্ত আধুনিক সুবিধা রয়েছে। কিন্তু এই ব্যতিক্রমী ছবি কেন? আলিগড় বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থানই বাসিন্দাদের শিক্ষামুখী করেছে বলে অভিমত বিশেষজ্ঞদের। এই গ্রামে নারী-পুরুষের মর্যাদা সমান। ধর্ম এই গ্রামের কোনওদিন ভেদাভেদ তৈরি করতে পারেনি। এবার লক্ষ্য ১০০ শতাংশ শিক্ষা।



