ঘণ্টা বাজালেন সৌরভ, জয়
ঘণ্টা বাজালেন সৌরভ, জয়
উদ্বোধনী ম্যাচ ঘিরে শনিবার ইডেনে চাঁদের হাট বসেছিল। বোর্ডের কর্তাদের সঙ্গে ছিলেন আইসিসি’র চেয়ারম্যান জয় শাহ। এদিন ইডেনের ঐতিহ্যশালী ঘণ্টা বাজিয়ে ম্যাচের সূচনা করার কথা ছিল তাঁরই। পাশে দাঁড়িয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। আচমকা তাঁর হাত ধরে কাছে টেনে নিলেন জয়। তারপর দু’জনে মিলেই ইডেনের ঘণ্টা বাজিয়ে ম্যাচের সূচনা করলেন।
ইডেনে ড্রোন শো
ইডেনে উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন হঠাত্ সবার চোখ আকাশের দিকে। তারার আদলে শূন্যে ভেসে উঠল ‘আইপিএল ১৮’। দর্শকরা কিছু বুঝে ওঠার আগেই তা রূপ নিল আইপিএল ট্রফির। আসলে এটা ছিল ড্রোনের খেলা। সবমিলিয়ে শনিবার ইডেনে ড্রোন শো সুপারহিট। সেই সঙ্গে লেজার শো ও আতশবাজির রোশনাইও মন জিতেছে সমর্থকদের।
মাঠের বাইরে থেকেই সমর্থন
ম্যাচের প্রথম ইনিংস শেষ হওয়ার মুখে। তখনও ইডেনের সামনে ব্যারিকেডের সামনে সমর্থকদের ভিড়। আপনারা মাঠে ঢোকেননি? প্রশ্নের উত্তরে হাওড়ার বছর কুড়ি বয়সি আরিফের জবাব, ‘অনেক চেষ্টা করেও টিকিট জোগাড় করতে পারিনি। ব্ল্যাকাররা তো একটি টিকিটেরই দর হাঁকাচ্ছে পাঁচ-ছয় হাজার। তাই নিরুপায় হয়ে মাঠের বাইরে থেকেই প্রিয় দলকে সাপোর্ট করছি।’ তারপরই কেকেআরের চ্যাম্পিয়ন লেখা ব্যানার তুলে ধরলেন তিনি।
ফেরিওয়ালাদের মুখে হাসি
দীর্ঘদিন পর ইডেনে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হল। আর সেজন্যই গ্যালারিতে উপচে পড়া ভিড়। তাতে মুখে হাসি ফুটেছে যাযাবর ফেরিওয়ালাদেরও। গালে কেকেআর-আরসিবি’র লোগো এঁকেই সন্ধ্যা থেকে বিহারের অভিষেক কুমার রোজগার করেছেন সাত হাজার টাকা। ভেলপুরি বিক্রেতা তপনও কামিয়েছেন চার হাজার। আইপিএলের মহিমা সত্যিই অসীম!