Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সহজ জয় দিল্লি ক্যাপিটালসের

লোকেশ রাহুল বনাম মহম্মদ সামির লড়াইয়ের দিকে তাকিয়ে ছিল ক্রিকেট মহল। কিন্তু বুধবার একানা স্টেডিয়ামে এক বলের বেশি স্থায়ী হল না দ্বৈরথ।

সহজ জয় দিল্লি ক্যাপিটালসের
  • ২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: লোকেশ রাহুল বনাম মহম্মদ সামির লড়াইয়ের দিকে তাকিয়ে ছিল ক্রিকেট মহল। কিন্তু বুধবার একানা স্টেডিয়ামে এক বলের বেশি স্থায়ী হল না দ্বৈরথ। ব্যাট-বলের ডুয়েলে হারলেও দলগত পারফরম্যান্সে বাজিমাত করল রাহুলের দল। ১৭ বল বাকি থাকতেই লখনউ সুপার জায়ান্টসকে ৬ উইকেটে হারাল দিল্লি ক্যাপিটালস। ইনিংসের প্রথম বলেই লোকেশকে ফেরত পাঠালেন সামি। আইপিএলে এই নিয়ে পাঁচবার পয়লা বলে আউট করলেন বর্ষীয়ান পেসার, যা রেকর্ড। অবশ্য একা সামি নন, লখনউ পেসাররা প্রত্যেকেই পাওয়ার প্লে’তে আগুন ঝরালেন। প্রিন্স যাদব নিলেন দু’উইকেট, মহসিন খানের সংগ্রহ এক। ফলে সুপার জায়ান্টসের করা ১৪২ রানের টার্গেট তাড়া করতে নেমে রীতিমতো ধুঁকছে দিল্লি ক্যাপিটালস। নীতিশ রানা (১৫), পাথুম নিশাঙ্কা (১) ও ক্যাপ্টেন অক্ষর প্যাটেল (০) ব্যর্থ। তবে দলকে জয়ের পথ দেখালেন সমীর রিজভি। তাঁর অপরাজিত ৭০ রানের সঙ্গ দিলেন স্টুবস (৩৯)।

Advertisement

অবশ্য লখনউ ক্যাপ্টেন ঋষভ পন্থের মরশুমটা শুরু হল দুর্ভাগ্যের শিকার হয়ে। মিচেল মার্শের শট বোলার মুকেশ কুমারের হাত ছুঁয়ে নন-স্ট্রাইকার প্রান্তের স্টাম্প ভাঙার সময় ওপেনার পন্থ (৭) ছিলেন ক্রিজের বাইরে। মিচেল মার্শ (৩৫), আব্দুল সামাদ (৩৬) ছাড়া কেউ ভরসা জোগাননি লখনউ ইনিংসে। পন্থের মতোই ব্যর্থ আইডেন মার্করাম (১১), আয়ুশ বাদোনি (০), নিকোলাস পুরান (৮)। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে শাহবাজ আহমেদকে (অপরাজিত ১৫) নামিয়েও খুব একটা লাভ হয়নি। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ১৪১ রানে দাঁড়ি পড়ে লখনউ ইনিংসে। দিল্লির লুঙ্গি এনগিডি (৩-২৭), নটরাজন (৩-২৯) বল হাতে নজর কাড়েন।

Advertisement
সম্পর্কিত সংবাদ