Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

যুবভারতীতেই খেলবে ইস্ট বেঙ্গল, লাল-হলুদের সঙ্গে মহমেডানের ভাড়া মকুব মুখ্যমন্ত্রীর

মানবিক মুখ্যমন্ত্রীকে বরাবরই পাশে পেয়েছে ময়দান। যে কোনও প্রয়োজনে হাত উপুড় করতে দ্বিধা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

যুবভারতীতেই খেলবে ইস্ট বেঙ্গল, লাল-হলুদের সঙ্গে মহমেডানের ভাড়া মকুব মুখ্যমন্ত্রীর
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মানবিক মুখ্যমন্ত্রীকে বরাবরই পাশে পেয়েছে ময়দান। যে কোনও প্রয়োজনে হাত উপুড় করতে দ্বিধা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ইস্ট বেঙ্গলের পাশে দাঁড়িয়ে কার্যত কল্পতরুর ভূমিকায় দেখা গেল তাঁকে। লাল-হলুদ কর্তাদের অনুরোধে সাড়া দিয়ে নিখরচায় যুবভারতী ক্রীড়াঙ্গন ব্যবহারের অনুমতি দিলেন তিনি। এই প্রসঙ্গে ইস্ট বেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকারের মন্তব্য, ‘মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। আশা করি, তাঁর উদ্যোগকে সম্মান জানিয়ে যুবভারতীতেই খেলবে ইস্ট বেঙ্গল।’ অন্যদিকে, বিনা পয়সায় স্টেডিয়াম ব্যবহারের অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছিল মহমেডান স্পোর্টিং। ইনভেস্টর না থাকায় আর্থিক সমস্যায় ভুগছে রেড রোডের পাশের ক্লাব। লাইসেন্সিং ব্যবস্থায় তাদের হোম ভেন্যু  হিসাবে কিশোর ভারতী চিহ্নিত। সূত্রের খবর, বিনা পয়সায় কিশোর ভারতীতে খেলার অনুমতি পাচ্ছে মহমেডান স্পোর্টিং। 

Advertisement

আইএসএলে আগামী ১৬ ফেব্রুয়ারি মাঠে নামছে ইস্ট বেঙ্গল কিন্তু হোম ম্যাচ কোথায় খেলবে তারা? যুবভারতী না কিশোর ভারতী? এই প্রশ্নে দড়ি টানাটানি চলছিলই। যুবভারতীতে স্রেফ স্টেডিয়াম ভাড়া বাবদ প্রায় ১৫ লক্ষ টাকা দিতে হয়। এছাড়া অন্যান্য খরচ তো রয়েইছে। তাই স্রেফ টাকার কথা ভেবে কিশোর ভারতীতে ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় লগ্নিকারী সংস্থা। কিন্তু স্টেডিয়ামের দর্শকাসন খুবই কম। সেই যুক্তিতে বেঁকে বসেছিলেন ক্লাব কর্তারা। এমনকী ম্যাচ দেখতে যাবেন না বলেও জানান তাঁরা। পাশাপাশি যুবভারতীতে ম্যাচ আয়োজন চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হয়। তারপরেই নাটকীয় পট পরিবর্তন। বল এখন পুরোপুরি লগ্নিকারী সংস্থার কোর্টে। তবে যুবভারতীতে ম্যচে আয়োজনের আশা উজ্জ্বল হওয়ায় সমর্থকরা বেশ খুশি। আসলে বিভিন্ন জেলা থেকেও প্রচুর মানুষ লাল-হলুদ জার্সির টানে খেলা দেখতে ছুটে আসেন। কিশোর ভারতীতে ম্যাচ হলে অনেকেই সমস্যায় পড়বেন। রাতে খেলা ভাঙার পর বাড়ি ফেরাও সমস্যার। যুবভারতীতে ম্যাচ হলে তা অনেকটাই মিটবে। অন্যদিকে যুবভারতীতে হোম ম্যাচ খেলার সিদ্ধান্ত জানিয়েছিল মোহন বাগান। সূত্রের খবর, এবার স্টেডিয়ামের ভাড়া মুকুবের জন্য আবেদন করতে পারে মোহন বাগানও। ক্লাব সভাপতি দেবাশিস দত্তের মন্তব্য, ‘মুখ্যমন্ত্রী বরাবরই মানবিক। বাকি দুই প্রধান নিখরচায় স্টেডিয়াম ব্যবহার করলে মোহন বাগানেরও একই সুবিধা পাওয়া উচিত। নিশ্চয়ই চিঠি দিয়ে আবেদন করা হবে।’ 
আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু আইএসএল। তার আগে সংশ্লিষ্ট সবপক্ষকে নিয়ে এদিন বৈঠক সারে ক্রীড়াদপ্তর। স্টেডিয়াম সংস্কারের কাজ প্রায় শেষ। শনিবারের আগে তা সম্পূর্ণ হবে। মেসি কাণ্ড থেকে শিক্ষা নিয়ে ম্যাচের দিন নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। এদিকে, মোহন বাগানের প্রাক্তনী জনি কাউকোকে সই করিয়ে নিল মুম্বই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ