Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আইএসএল নিয়ে জট কাটায় চনমনে ইস্ট বেঙ্গল

শীতের বিকেলে মিঠে রোদ গায়ে মেখে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলনে ইস্ট বেঙ্গল। ফুটবলার, সাপোর্ট স্টাফ থেকে কোচ— সবার মুখেই হাসির ঝিলিক। ভারতীয় ফুটবলে আশঙ্কার কালো মেঘ যে কেটে গিয়েছে!

আইএসএল নিয়ে জট কাটায় চনমনে ইস্ট বেঙ্গল
  • ৮ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীতের বিকেলে মিঠে রোদ গায়ে মেখে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলনে ইস্ট বেঙ্গল। ফুটবলার, সাপোর্ট স্টাফ থেকে কোচ— সবার মুখেই হাসির ঝিলিক। ভারতীয় ফুটবলে আশঙ্কার কালো মেঘ যে কেটে গিয়েছে! তাই নতুন উদ্যমে আইএসএল যুদ্ধের মহড়ায় নেমে পড়েছে অস্কার ব্রুজোঁর প্রশিক্ষণাধীন দল। মিগুয়েল ছাড়া পুরো দলই শিবিরে যোগ দিয়েছে। ব্রাজিলিয়ান মিডিও কলকাতায় পৌঁছে গিয়েছেন। তবে দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তির কারণে বুধবার অনুশীলনে আসেননি।

Advertisement

চলতি মরশুমে দু’টি প্রতিযোগিতার ফাইনাল খেললেও এখনও পর্যন্ত ট্রফির স্বাদ পায়নি অস্কার-ব্রিগেড। আইএফএ শিল্ডের পাশাপাশি সুপার কাপেও টাই-ব্রেকারে স্বপ্নভঙ্গ হয় ইস্ট বেঙ্গলের। সেই আক্ষেপ তিনি আইএসএলে মেটাতে চান। এদিন অনুশীলনেও স্প্যানিশ কোচের সেই তাগিদ চোখে পড়ল। ওয়ার্ম-আপ এবং ফিজিক্যাল ট্রেনিংয়ের সময় ফুটবলারদের দিকে কড়া নজর ছিল তাঁর। ফিজিক্যাল ট্রেনার ও সহকারী কোচের সঙ্গে আলাদা করে কথাও বলেন তিনি। এখনও পুরো ফিট নন আনোয়ার আলি ও নন্দকুমার। তাই তাঁরা সাইড লাইনেই কাটালেন। বাকিদের নিয়ে চলল সিচুয়েশন প্র্যাকটিস। শোনা যাচ্ছে, হামিদের পর হিরোশিকেও নাকি ছেড়ে দিতে চাইছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। কারণ জাপানি স্ট্রাইকার এখনও পর্যন্ত নজর কাড়তে ব্যর্থ। তাঁর পরিবর্তে ভালো মানের বিদেশি স্ট্রাইকার নিতে চান কোচ। এদিন প্র্যাকটিসের পর সেই ইঙ্গিত দিলেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি বলেন, ‘বিকল্প বিদেশি স্ট্রাইকারের কথা ভাবা হচ্ছে। কোচও আজ বলছিলেন। এই বিষয়ে লগ্নিকারী সংস্থার সঙ্গে আলোচনা হবে। ’ আর আইএসএল শুরুর প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘এসব রাতারাতি তো হয়নি। পিছনে নিশ্চয় কাজ চলছিল। ক্লাবের তরফে বরাবরই বলেছি, লিগ হবে। সেই বিশ্বাস ছিল। শেষ পর্যন্ত আমাদের আশা সফল হয়েছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ